জামালপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন বাসচালককে মারধর করার জেরে শনিবার জামালপুরে দূরপাল্লার তিনটি রুটে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।
ঢাকা থেকে জামালপুর রুটের পরিবহন কোম্পানি রাজিব সার্ভিস এর বাসচালককে মারধরের ঘটনায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে দুপর দেড়টায়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর সাড়ে তিনটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়ন।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আনাম বাবলা অভিযোগ করেন, জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক লিটন সিকদারের লোকজন অন্যায়ভাবে রাজিব সার্ভিসের বাসচালক পাপ্পুকে মারধর করে।
লিটনকে গ্রেপ্তারের দাবিতে দুপুর দেড়টা থেকে শ্রমিকরা জামালপুর-টাঙ্গাইল ও জামালপুর-ময়মনসিংহ রুটের দুই বাস টার্মিনালের আশপাশের সড়কে ব্যারিকেড দিয়ে ধর্মঘট শুরু করে।
এ কারণে জামালপুর থেকে ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল রুটে বাস চলাচল বন্ধ ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুপুর সাড়ে তিনটার দিকে পুলিশ অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৫৪০ ঘ.
bdnews24