ঢাকা, ০৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগে শুক্রবার ভোরে রুহুল আমিন (১৮) নামে এক দোকান কর্মচারী খুন হয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। এ জন্য নিহতের সহকর্মীকে সন্দেহ করছে পুলিশ।
লালবাগ থানা পুলিশ ভোর ৬টার দিকে ২০৯/৪ নম্বর লালবাগ লেনের আমিন মেটাল নামে একটি দোকান থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করে।
থানার উপপরিদর্শক রিয়াদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুজন, হৃদয় এবং রুহুল আমিন কাজ শেষে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দোকানের মেঝেতে একসঙ্গে ঘুমিয়েছিল। হৃদয় বলছে, ভোর ৪টার দিকে সুজন তার (হৃদয়) মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে হৃদয় দোকানের শাটার খুলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সুজনকে আর পায়নি। রুহুল আমিনের লাশ পায়।"
পুলিশ হৃদয়কে জিজ্ঞাসাবাদ করছে। সুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24