ফেনী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একজন চিকিৎসকও ছিলেন না। সে কারণে বিভিন্ন গ্রাম থেকে আসা তিন শতাধিক রোগীকে চিকিৎসা না নিয়েই ফিরতে হয়েছে।
কেউ কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত তিন দফা গিয়েও কোনো চিকিৎসককে পাননি।
চরচান্দিয়া গ্রামের ফিরোজা, তুলাতলীর আলী হোসেন, সুজাপুরের সুফিয়া বেগম জানান, ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে ডায়রিয়াসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ সময় হাসপাতালে কোনও চিকিৎসক না থাকা খুবই দুঃখজনক।
অসুস্থ শিশু নিয়ে আসা আলো আক্তার, জরিনা বেগম, ছায়েরা খাতুন ও হোসেন মিয়াসহ কয়েকজন চিকিৎসক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্বাস্থ্য কমপেক্সের কর্মকর্তারা জানান, এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে। নয়জন চিকিৎসক পদের মধ্যে কয়েকটি পদ শূন্য রয়েছে।
কর্মরতদের মধ্যে গাইনি কনসালটেন্ট ডা. লক্ষ্মী সাহা দুই মাসের প্রশিক্ষণে আছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌছল আজম ও মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ফেনী সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণে আছেন বৃহস্পতিবার থেকে। ডেন্টাল সার্জন ডা. আলী আহমদ কাজে যাননি।
মেডিসিন কনসালট্যান্ট ডা. আফছার আহমদ কোরাইশি গত আড়াই বছর ধরে অনুপস্থিত। মেডিকেল অফিসার ডা. রেহানা সুলতানা ফেনীর মহিপালে ট্রমা সেন্টারে সংযুক্ত।
চিকিৎসক না পেয়ে রোগীদের ফিরে যাওয়ার বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌছল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি প্রশিক্ষণে আসার আগে মঙ্গলকান্দি সাব সেন্টারে দায়িত্বরত ডা. ফখরুল ইসলামকে দায়িত্ব দিয়ে এসেছিলাম।"
ফেনীর সিভিল সার্জন ডা. গোলাম কিবরিয়া বলেন, "তিনজন চিকিৎসক থাকায় এ সমস্যা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24