ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গুলশানে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম ফারুক আহমেদ (৪৫)। তিনি গুলশান-২ এ মার্চ মানি এক্সচেঞ্জ'র মালিক। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রিক্সায় করে গুলশান থেকে নর্দ্দা জোয়ার সাহারা যাওয়ার পথে সৌদি দূতাবাসের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি প্রাইভেট কার নিয়ে তার পথরোধ করে। এসময় তিনি ও তার পাশে বসে থাকা গাড়িচালক রানা চিৎকার করলে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এতে দু'জনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় জনতা ধাওয়া দিলে সন্ত্রাসীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত গাড়িটি ও একটি পিস্তল উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ দু'জনকে প্রথমে ইউনাইটেড হাসপাতাল ও পরে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক আহমেদ।
চালক রানা পুলিশকে জানিয়েছে, বুধবার তারা গাড়ি না নিয়ে রিক্সায় বাসায় ফিরছিলেন। তাদের সঙ্গে দু'টি ব্যাগে রাখা ১২ লাখ টাকা ছিল। এর মধ্যে একটি ব্যাগ নিয়ে গেছে সন্ত্রাসীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৫১৬ ঘ.
bdnews24