মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নূরুচ্ছফা। বয়স ৭০ এর বেশি। কুতুবদিয়ার খুদিয়ারটেকে তার ৮ একর জমি ছিল। নিজে কৃষিকাজ করতেন। ছিল লবণের চাষও।
অব্যাহত ভাঙনে নূরুচ্ছফার জমিজমা সাগরে বিলীন হয়ে গেছে। সব হারিয়ে তিনি পরিবেশগত উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। এখন কক্সবাজার শহরে এসে আশ্রয় নিয়েছেন তিনি।
নুরুচ্ছফার মতো অনেকেরই আশ্রয়স্থল ওই এলাকা। সবার বাড়ি দ্বীপ উপজেলা কুতুবদিয়া। ২০-২১ বছর আগে প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে জেলা শহরের ৮০ একর জমির ওপর থাকতে শুরু করেন তারা। এলাকাটি 'কুতুবদিয়া পাড়া' নামেই পরিচিতি পেয়েছে।
নুরুচ্ছফার ছেলেরা অন্যের নৌকায় কাজ করেন। তবে সে আয় দিয়েও তাদের পরিবার ভালো চলে না। অনেক সময় বেকার থাকেন তারা।
নুরুচ্ছফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আর্থিক অবস্থা ভালো না। কোনও রকমে দু'বেলা খেতে পারি। বয়স হয়ে গেছে কোনও কাজও করতে পারি না।"
এপ্রিল মাসের প্রথম দিকে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার সামনে একটি চায়ের দোকানে বসে কথা হচ্ছিল নুরুচ্ছফার সঙ্গে। কথা বলতে বলতে ২৫/৩০ বছর আগে ফিরে যান তিনি।
হতাশ কণ্ঠে নুরুচ্ছফা বলেন, "কাজ পাওয়া এখন দায়। আমি নিজেই কত মানুষকে কাজ দিয়েছি। জেলেদের নিয়ে আমার নৌকা সাগরে মাছ ধরতে যেত। আমার ছেলেরাই এখন অন্যের নৌকায় কাজ খুঁজে বেড়ায়।"
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণেই কুতুবদিয়াসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভাঙন দেখা দিচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন হচ্ছে। জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। মৌসুমী বায়ু প্রবাহ শুরু হলে ভাঙন বেড়ে যায়।"
তিনি জানান, হাতিয়া, ভোলা, কুতুবদিয়া ও সেন্টমার্টিন ভাঙছে। পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে ভাঙন বেশি।
কুতুবদিয়া পাড়ায় নুরুচ্ছফার সঙ্গে কথা বলার সময় এগিয়ে আসেন আরো অনেকে। এক পর্যায়ে চায়ের দোকানের সবগুলো বেঞ্চই ভরে উঠে। সবাই জানায়, ভাঙন আর ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের পর তারা কুতুবদিয়া পাড়ায় এসে আশ্রয় নিয়েছেন। উদ্বাস্তু জীবনের নানা সমস্যার কথাও জানান তারা।
নুরুদ্দীন নামে একজন জানান, কুতুবদিয়া পাড়ার ভিতরে কোনও রাস্তাঘাট নেই। অনেক সময় জোয়ারের পানি ঢুকে পড়ে। ছেলে মেয়েদের শিক্ষার জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। বেসরকারিভাবে এনজিওরা কিছু শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, "এখানে ২০০০-২৫০০ পরিবার বাস করে। ঘনবসতিপূর্ণ এলাকা। সরকারি কোনও সাইক্লোন সেন্টার নেই। ঝড়ের সংকেত দিলেই শহরে চলে যেতে হয়।"
নুরুল ইসলাম নামে আরেক জন বলেন, "পাড়ার বাসিন্দাদের ৮০ শতাংশই এসেছে কুতুবদিয়া থেকে। সবাই ভাঙনের শিকার। মহেশখালী থেকেও এসেছেন অনেকে।"
আবু তাহের ভান্ডারী আগে লবণ চাষ ও কৃষি কাজ করতেন। এখন দিনমজুর। মো. আলম লবণের মাঠ ছিল। ১৬ কানি জমি ছিল। এখন নৌকা থেকে মাছ কিনে বিক্রি করে সংসার চালান।
উদ্বাস্তুরা জানান, একসময় সবার কাছেই সম্পদ ছিল। এখন কিছুই নেই। শূন্য থেকে শুরু করতে হচ্ছে আবার। আবারও লড়তে হচ্ছে অভাব, দারিদ্র্যের সঙ্গে।
কুতুবদিয়ার ভাঙন সম্পর্কে তারা বলেন, খুদিয়ারটেক এলাকা পুরোটাই সাগরে চলে গেছে। এখন সেখানে মাছ ধরার ট্রলার ও জাহাজ চলে। কৈয়ার বিল, আলী আকবর ডেইল ও খুদিয়ার টেক এ তিনটি ওয়ার্ডেই ভাঙন বেশি।
কক্সবাজারের এনজিও কর্মী ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু কুতুবদিয়া পাড়া নয়, কক্সবাজার শহরের কলেজ গেট, পেশকার পাড়া ও জেলার ডুলাহাজরা, খুটাখালী, মালমঘাট, খুরুকুল, হারভাং, টেকনাফের নীলা উনচি প্রাং এলাকাতেও ভিড় বাড়ছে উকপূলের ভাঙনপীড়িত মানুষের। ছেড়ে আসছেন তাদের পিতৃপুরুষের আদি ভিটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১১০০ ঘ.
bdnews24