২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশের হাত থেকে ডাকাতি মামলার এক আসামিকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, আসামি বাবুল (৪০) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসকের হেফাজতে জামিন দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের অনুমোদন ছাড়া পুলিশ এ পদক্ষেপ নিতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 07:33 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

সিরাজগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশের হাত থেকে ডাকাতি মামলার এক আসামিকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, আসামি বাবুল (৪০) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসকের হেফাজতে জামিন দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের অনুমোদন ছাড়া পুলিশ এ পদক্ষেপ নিতে পারে না। বুধবার রাত ৯টায় তাড়াশ বাসস্ট্যান্ডে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসস্ট্যান্ড এলাকা থেকে একদল পুলিশ যুবলীগকর্মী বাবুলকে গ্রেপ্তার করে। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ দুলালের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসে। তারা পুলিশের হাত থেকে বাবুলকে ছিনিয়ে নেয়। পুলিশ হতভম্ব হয়ে চেয়ে থাকে।" তবে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা দুলাল। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, "ধৃত বাবলু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের হেফাজতে তাকে জামিন দেওয়া হয়েছে।" পুলিশের এই বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে জানতে চাওয়া হলে সিরাজগঞ্জের আইনজীবী প্রণব চৌধুরী তপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরোয়ানাভুক্ত কোনও আসামিকে পুলিশ এভাবে জামিন দিতে পারে না। অসুস্থ হলেও ম্যাজিস্ট্রেটের প্রয়োজনীয় নির্দেশে মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো যেতে পারে। তাছাড়া কারাগারেও অসুস্থের চিকিৎসা চলতে পারে।" বাবুলের বাড়ি উপজেলার তালম ইউনিয়নের চক-কলামউলা গ্রামে। তার বাবার নাম ওসমান গনি। ২০০৭ সালে নাটোরের গুরুদাসপুরে এক ডাকাতি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১৩৩৬ ঘ.