২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: রেজ্জাকুল ও লিয়াকতকে ঢাকায় টিএফআই-এ জিজ্ঞাসাবাদ

দশ ট্রাক অস্ত্র পাচারে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা সংস্থার দুই সাবেক কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী ও লিয়াকত হোসেনকে ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র পাচারে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা সংস্থার দুই সাবেক কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী ও লিয়াকত হোসেনকে ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তাদের উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে র‌্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার রাতে জানান, র‌্যাব ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এনএসআই এর সাবেক মহাপরিচালক রেজ্জাকুল ও সাবেক উপ-পরিচালক লিয়াকতকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মামলায় গ্রেপ্তার অন্য আসামী আব্দুর রহিম চট্টগ্রাম কারাগারে আছেন । গত ২মে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া এনএসআই কর্মকর্তা সাহাবুদ্দিনের জবানবন্দির পরিপ্রেক্ষিতে রেজ্জাকুল হায়দার চৌধুরী ,আব্দুর রহিম ও লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২৩০২ঘ.