২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহানায়ক, জিয়াসহ অন্যদের অগ্রনায়ক করার সুপারিশ

প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার 'মহানায়ক' এবং শেরে বাংলা, সোহরাওয়ার্দি ,সৈয়দ নজরুল ইসলাম ও জিয়াউর রহমানসহ কয়েকজনকে 'অগ্রনায়ক' হিসেবে উল্লেখ করার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার 'মহানায়ক' এবং শেরে বাংলা, সোহরাওয়ার্দি ,সৈয়দ নজরুল ইসলাম ও জিয়াউর রহমানসহ কয়েকজনকে 'অগ্রনায়ক' হিসেবে উল্লেখ করার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নের বিষয়ে গঠিত কমিটি বুধবার সচিবালয়ে এ সুপারিশ করে তাদের প্রতিবেদন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জমা দিয়েছে। প্রতিবেদন পাওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,"কমিটির সুপারিশের আলোকে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০১০ সালে প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে বিকৃত ইতিহাস বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করা হবে। " গত কয়েকটি সরকারের সময় পাঠ্যবইয়ে ক্ষমতাসীন দলের পছন্দমত ইতিহাস লেখার প্রবণতায় শিক্ষাবিদসহ সব স্তরের মানুষের উদ্বেগ রয়েছে। সরকার বদল হলেই পাঠ্যবইয়ে ইতিহাসের মৌলিক তথ্যও বদলে যাওয়ার নজির রয়েছে। দুপুরে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত কমিটি 'বিকৃত' ইতিহাস বাদ দেওয়াসহ বিভিন্ন সুপারিশ সম্বলিত প্রতিবেদনটি জমা দেয়। জানুয়ারি মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের 'সঠিক ইতিহাস' লিখতে নয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন,'' প্রাথমিক স্তরের আগের বইতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ কমিটি সম্পূর্ণ দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে সঠিক ইতিহাসের বিষয়ে প্রতিবেদন দিয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে বিকৃত ইতিহাস বাদ দিয়ে সঠিক ইতিহাস আগামী শিক্ষাবর্ষের বইতে থাকবে।'' কমিটির সদস্য অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ৬৪ পৃষ্ঠার প্রতিবেদনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের যে সব স্থানে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে, তা সংশোধনের সুপারিশ করেছি আমরা।'' অধ্যাপক মমতাজ উদ্দিন জানান, পাঠ্যবইতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের বিষয়টিকে তারা দুই ভাগে ভাগ করার সুপারিশ করেছেন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার মহানায়ক এবং শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দি ,সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ,এম এ জি ওসমানি ও জিয়াউর রহমানকে স্বাধীনতার অগ্রনায়ক হিসেবে উল্লেখ করার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, "প্রাথমিক স্তরের পাঠ্যবইতে বঙ্গবন্ধুকে খাটো করে তুলে ধরা হয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করা হয়েছে। বঙ্গবন্ধু গ্রেপ্তারের আগ মুহূর্তেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। মেজর জিয়া ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। আমরা সুপারিশে এ বিষয়টি সঠিকভাবে লিপিবদ্ধ করার কথা বলেছি।" প্রতিবেদন জমা দেওয়ার সময় অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ছাড়াও অন্য সদস্যদের মধ্যে কথাশিল্পী সেলিনা হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল হক, মু. নাজমুল হক, মমতাজ উদ্দিন পাটোয়ারি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রতিনিধি,ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার উপস্থিত ছিলেন। লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল কমিটির অন্যতম সদস্য। অন্যদিকে বিকালে পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির কয়েকজন নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে গেলে তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়ার বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন," আমরা তাদের কাছে মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছি। তারা তাদের ব্যবসায়িক দিক দেখার কথা বলেছেন।" উল্লেখ্য, সরকার প্রাথমিকের পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এসকে/২১০১ঘ.