কুষ্টিয়া, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামে মঙ্গলবার রাতে ৬৫ বছরের এক বৃদ্ধকে গুলি করে হত্যা এবং তার পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
নিহতের নাম আকবর চৌধুরী (৬৫)।
আহতরা হচ্ছেন- নিহতের ছেলে খায়রুল চৌধুরী (৪৮), এনামুল চৌধুরী (৩০) এবং ভাইয়ের ছেলে টুটুল চৌধুরী (১৫)। কুষ্টিয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ১৮-২০ জনের একদল সন্ত্রাসী সদরপুর গ্রামের আকবর চৌধুরীর বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।
এরপর সন্ত্রাসীরা তার ছেলে খায়রুল, এনামুল এবং ভাইয়ের ছেলে টুটুলকে পাশের একটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
তিনি আরও জানান, এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশফাক জানিয়েছেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএম/এজে/১৩৫৭ ঘ.
bdnews24