২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট হয়ে আসছে বাতিঘরের কুতুবদিয়া

ভাঙনে কমেই ছোট হয়ে আসছে বাতিঘরখ্যাত দ্বীপ কুতুবদিয়া। ষাট দশকের ৬০ বর্গকিমির এই দ্বীপের আয়তন এখন মাত্র ২৫ বর্গকিমি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাঙনের কারণ জলবায়ু পরিবর্তন। ৫ জুন বিশ্ব আবহাওয়া দিবসের প্রাক্কালে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মারুফ মল্লিকের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উনবিংশ শতকের শেষদিকে পানির সীমানার ১২০ ফুট ওপরে আলো বসানো হয়েছিল কুতুবদিয়া বাতিঘরে। দশমাইল দূর থেকে নাবিকরা দেখতে পেতো সেই আলো। বাতিঘর অচল বহু আগেই, টিকে ছিল ভেঙে পড়া ইটের কাঠামোটাই। এখন দিশাহারা জাহাজীকে আলো দেখানো দূরে থাক, খোদ কুতুবদিয়াকেই খুঁজে বের করতে হওয়ার দিন হয়তো বেশি দূরে নয়। এর জন্য দায়ী করা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নকেই। ভাঙনে কমেই ছোট হয়ে আসছে কক্সবাজারের বাতিঘরখ্যাত দ্বীপ কুতুবদিয়া। বাতিঘর এখন আর মূল ভূখণ্ডে নেই। ভাঙনের কারণে সাগরের অনেকটা ভেতরে চলে গেছে তা। জোয়ারের সময় বাতিঘরের অল্প কিছুই দেখা যায়। ভাটার সময়ও তার অস্তিত্ব খুব চোখে পড়ার মত কিছু নয়। কুতুবদিয়া ক্রমশ ভেঙে ছোট হওয়ার পেছনে কারণ হিসেবে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনজনিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকেই চিহ্নিত করছেন। এ এলাকায় সক্রিয় বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের হিসাবে গত কয়েক দশকে কুতুবদিয়ার অনেক এলাকা সাগরের পানিতে তলিয়ে গেছে বা ভেঙে গেছে। কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএমআরসি) এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সুন্দরবনের হিরণপয়েন্ট, চরছেঙ্গা ও কক্সবাজারে ২২ বছরের জোয়ারের পানির উচ্চতার পরিমাপ নিয়ে এসএমআরসি'র ওই গবেষণায় দেখা গেছে, প্রতি বছর কক্সবাজারে দশমিক ৭৮ সেন্টিমিটার, চরছেঙ্গায় দশমিক ৬ সেন্টিমিটার এবং হিরণপয়েন্টে দশমিক ৪ সেন্টিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এসএমআরসি'র ঊর্ধ্বতন গবেষণা সহকারী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে লবণাক্ততা বাড়বে। বাড়বে উপকূলের ভাঙন।" স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনে মানুষ বাস্তুভিটা হারাচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থায়। কুতুবদিয়ায় প্রতি বর্গকিলোমিটারে জনবসতির ঘনত্ব দেশের মূল ভূখণ্ডের চেয়ে বেশি। ভাঙনের কারণে নতুন নতুন এলাকায় বসতি স্থাপিত হচ্ছে। এর ফলে জনঘনত্ব আরও বাড়ছে। কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৬০ সালে এ দ্বীপের আয়তন ছিল ৬০ বর্গকিলোমিটার। এখন কমে তা হয়েছে ২৫ বর্গকিলোমিটার। আর এখানেই এখন লক্ষাধিক মানুষের বসবাস। বঙ্গোপসাগরের এ দ্বীপের মানুষের মূল পেশা সাগরে মাছ ধরা ও কৃষি কাজ। অনেকে লবণ উৎপাদনও করেন। তবে সমুদ্রের ভাঙনের কবলে পড়ে অনেকেই আজ পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। অধিকাংশই বেছে নিচ্ছেন দিনমজুরের কাজ। ভাঙনে বসতভিটা হারিয়ে কুতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইলের ব্র্যাক সেন্টারের কাছে আশ্রয় নিয়েছেন তাপসী রাণী দাস। দারিদ্রের সঙ্গে নিরন্তন লড়াইরত তাপসীর সঙ্গে কথা হয় পূর্ব আলী আকবর ডেইলের জেলে পাড়া বেড়িবাঁধের কাছে দাঁড়িয়ে। তাপসী জানান, ব্র্যাক সেন্টারের কাছে তার মতো আরও ৩০টি বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে। জেলেপাড়া বেড়িবাঁধের ভেতরে একটি বেসরকারি প্রতিষ্ঠান ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া যায় এমন একটি ঘর নির্মাণের কাজ করছিল। এ খবর পেয়ে আরও অনেকের সঙ্গে সেখানে এসেছিলেন তাপসী। আশা তাকেও যদি একটি ঘর তুলে দেওয়া হয়। জেলেপাড়া বেড়িবাঁধে ঘর তুলে আশ্রয় নেওয়াদের একজন ব্রজ হরিদাস (৪৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বেড়িবাঁধে তার মতো আরও অনেকেই আশ্রয় নিয়েছেন। তবে স্বাস্থ্যসেবাসহ অনেক মৌলিক সুবিধাই তারা পাচ্ছেন না। জলবায়ু পরিবর্তন বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কি তা বোঝেন না তাপসী। তবে নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাসের সময়টাতে ভাঙন বেড়ে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হচ্ছে। উচ্চতা বেড়েছে জোয়ারের পানির। মৌসুমি বায়ু প্রবাহ শুরু হলে ভাঙন বেড়ে যায়।" তিনি জানান, শুধু কুতুবদিয়া নয় হাতিয়া, ভোলা, এবং সেন্টমার্টিনও ভাঙছে। দেশের পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে ভাঙন বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এসকে/১২৩০ঘ.