ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আলোচিত সৃজনশীল প্রশ্নপদ্ধতি ২০১০ সালের এসএসসিতে দুই বিষয়ে এবং তারপর পর্যায়ক্রমে চালু করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ মেনন সভার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," আমরা ২০১০ সালের এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে (বাংলা প্রথম পত্র ও ধর্ম) এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর সুপারিশ করেছি। এছাড়াও এ পদ্ধতি ষষ্ঠ শ্রেণীতে চালুর করার কথা বলেছি।"
তিনি সৃজনশীল প্রশ্নপদ্ধতির জন্য শিক্ষকদের আরও প্রশিক্ষণের ওপর জোর দেন।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত বছরের এপ্রিলে শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা 'সৃজনশীল' প্রশ্ন পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের বছর অর্থাৎ ২০১১ সাল থেকে সব বিষয়েই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে।
প্রস্তুতির অভাবের যুক্তি দিয়ে অভিভাবকদের অনেকে এর বিরোধিতা করে আসছিলেন।
সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্রের দুটি অংশ থাকবে। একটি অংশে বর্তমানের পদ্ধতিতেই প্রশ্ন করা হবে। অন্য অংশে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা পরীক্ষার জন্য একটি প্রশ্নকে চারভাগে উপস্থাপন করা হবে। গৎবাধা মুখস্ত পরিহার করে সৃষ্টিশীল মেধার চর্চা উৎসাহিত করাই এর লক্ষ্য।
গত ১২ মে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) এ ব্যাপারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ মেনন জানিয়েছিলেন, 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতির ব্যাপারে শিগগিরই তারা আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবেন।
মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় দিবস পালন নিশ্চিত করার সুপারিশ :
সভায় দেশের মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় দিবস পালন নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে কমিটি।
দেশের অনেক মাদ্রাসাতেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়না। এছাড়াও সব মাদ্রাসায় স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দ্রুত টানানোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে কমিটি।
কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেন,"আমরা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছি যেন সব মাদ্রাসায় অবশ্যই জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং শ্রদ্ধার সঙ্গে জাতীয় দিবস পালন নিশ্চিত করা হয়।"
সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কমিটির এ সুপারিশ জোরালোভাবে সমর্থন করেন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করার কথা বলেন।
কমিটি চেয়ারম্যান বলেন,"কমিটির সদস্য আব্দুল ওয়াহাব জানিয়েছেন তার নির্বাচনী এলাকা যশোরের কেশবপুরে ১৩টি মাদ্রাসার মধ্যে মাত্র একটিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।"
মেনন আরও বলেন, মাদ্রাসার কর্মকর্তারাই তাদের জানিয়েছেন কিছু মাদ্রাসা জাতীয় সঙ্গীত পরিবেশন করলেও কিছু মাদ্রাসা তা করে না।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়া, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় দিবস পালন হয়ে আসছে। হয়ত কিছু মাদ্রাসায় তা মানা হয় না। এজন্য আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, যেসব মাদ্রাসায় তা মানা হচ্ছে না তার তালিকা দিতে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।"
তিনি দাবি করেন, বেশির ভাগ মাদ্রাসাতেই এই নিয়ম মানা হয়।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জানান, বর্তমানে সারা দেশে ১৬ হাজার ২৭০টির মতো মাদ্রাসা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কেআরসি/২৩১৩ঘ.
bdnews24