ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় অধিবেশন শুরুর প্রাক্কালে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তাগত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার রাত ১২টা থেকে সংসদ এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য 'দোষণীয় দ্রব্য' পরিবহন এবং মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়।
অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে।
যেসব এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে তা হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমান বন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত, বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীনরোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মীরপুর রোডের শ্যামলী সিনেমা থেকে ধানমণ্ডি ২৭ (নতুন ১৬) সড়কের সংযোগস্থল পর্যন্ত, আগারগাঁও -রোকেয়া সরণি সংযোগস্থল থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত পর্যন্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এসকে/২১২৮ঘ.
bdnews24