ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি ঋণ আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবারই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং-এ তিনি বলেন, "বৈঠকে ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় আজ (সোমবার) থেকে কৃষি ঋণ আদায় স্থগিত রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
গত ২৫ মে ঘূর্ণিঝড় আয়লায় উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত।
প্রেস সচিব জানান, আয়লায় ১১ জেলার ৫১টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম দেখভাল করার জন্য কয়েকটি জেলার দায়িত্ব মন্ত্রীসহ কয়েকজনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে সাতক্ষীরা, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াকে পটুয়াখালী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেককে খুলনা এবং ভোলা ও বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে।
প্রেস সচিব জানান, আয়লার কারণে নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/এইচএ/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24