ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর যাত্রাবাড়ীতে এক সন্দেহভাজন ছিনতাইকারিকে গুলি করে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপারেশন) হুমায়ুন কবীর জানান, রোববার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর বৌবাজার এলাকায় সন্দেহভাজন তিন ছিনতাইকারি ছিনতাই করার জন্য সাদা পোশাকের কয়েকজন র্যাব সদস্যের গতিরোধ করে।
এসময় তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, র্যাবও পাল্টা গুলি করলে মহসিন (২০) নামে এক ছিনতাইকারির পায়ে গুলি লাগে। তবে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। সে সময় একজনের পকেট থেকে একটি পিস্তল পরে যায়। পরে দেখা যায় সেটি খেলনা পিস্তল।
এছাড়া ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি ধারালো ১৯ ইঞ্চি ছুরি উদ্ধার করে বলে হুমায়ুন কবীর জানান।
আহত মহসিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চলতি মাসে রাজধানীতে র্যাবের গুলিতে অন্তত ১০ জন সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। নিহত হয়েছে মোট সাতজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২৩২৮ ঘ.
bdnews24