২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যা নদীর তীর ভরাট বন্ধে হাইকোর্টের স্থিতাবস্থার নির্দেশ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর তীরে মাটি ভরাট বন্ধে আগামী তিন মাস স্থিতাবস্থা বজায় রাখার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ সন্ধ্যা নদীর তীরে মাটি ভরাট করে আবাসিক প্লট নির্মাণ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং মাটি ভরাট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশিও জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর তীরে মাটি ভরাট বন্ধে আগামী তিন মাস স্থিতাবস্থা বজায় রাখার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ সন্ধ্যা নদীর তীরে মাটি ভরাট করে আবাসিক প্লট নির্মাণ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং মাটি ভরাট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশিও জারি করেছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের স্থানীয় সরকার সচিব, বরিশালের জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী, বানারীপাড়ার থানা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৮ মে সংগঠনটির পক্ষে এর সভাপতি মনজিল মোরসেদ হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। রিটটির ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, গত ১৮ মে দৈনিক 'প্রথম আলো' পত্রিকায় সন্ধ্যা নদীতে মাটি ভরাট নিয়ে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে ওই নদীতে মাটি ভরাট করে আবাসিক প্রকল্প তৈরি করা হচ্ছে। তিনি শুনানিতে আরও বলেন, নদীতে মাটি ভরাট করে আবাসিক প্রকল্প নির্মাণ করা পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার আইনের লংঘন। আইন অনুযায়ী সরকার এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে বাধ্য। কিন্তু সন্ধ্যা নদী ভরাট বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। আদালত সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদেশ দেন। আদেশের পর অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাইকোর্টের স্থিতাবস্থার নির্দেশের কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০২৭ঘ.