লালমনিরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- লালমনিরহাট জেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের সঙ্গে বাংলাদেশের মূল ভূ-খণ্ডের সংযোগ তিনবিঘা করিডোরের রাস্তার দুই পাশে রাতারাতি কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ।
এ ঘটনায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) তীব্র প্রতিবাদ জানিয়েছে। দুপক্ষের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিডিআরের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার হামিদুল ইসলাম।
হামিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে বিএসএফ বাংলাদেশিদের ব্যবহৃত রাস্তার দু'পাশে ৮১১/৮১২ মেইন পিলারের ১ ও ১৭ নম্বর সাব পিলার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে।
শনিবার সকালে বেড়া দেখে বিডিআরের প্রতিবাদ জানায়। সকাল ১০ টায় তিনবিঘা করিডোরের অভ্যন্তরে বিএসএফের বিশ্রামাগারে দুপক্ষের মধ্যে বৈঠক হয়।
সুবেদার হামিদুল জানান, তার নেতৃত্বে তিনবিঘার দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন নায়েক সুবেদার মাহাতাব উদ্দিন ও পানবাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার সোহরাব হোসেন বৈঠকে যোগ দেন। বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার জয়পাল বৈষ্ণব।
তিনি জানান, বিডিআর কাঁটাতারের বেড়া অপসারণের দাবি জানালে বিএসএফ'র পক্ষ থেকে বলা হয় তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেড়া দেওয়া হয়েছে।
সুবেদার হামিদুল বলেন, "তিনবিঘা করিডোরে রাতারাতি বেড়া নির্মাণ করে বিএসএফ ১৯৭৪ সালের চুক্তি ভঙ্গ করেছে।"
দহগ্রামবাসী হাবিবুর রহমান, নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সামছুল হক ও বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সেখানকার মানুষ ক্ষুদ্ধ।
লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ গোলাম আম্বিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেড়া নির্মাণের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।"
স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদারকে শনিবার রাত নয়টার দিকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা উভয়েই তখনো বিষয়টি না জানার কথা বলে খোঁজ নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা দহগ্রাম ও আঙ্গরপোতায় বাংলাদেশীদের যাতায়াতের সুবিধার জন্য ১৯৭৪ সালে তিন বিঘা চুক্তি হলেও দীর্ঘদিন পর ১৯৯২ সালে তা কার্যকর করে ভারত। ওই করিডোর দিয়ে দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়নের বাসিন্দারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাটের মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারে।
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ভারত মানব পাচার ও চোরাচালান দমনের যুক্তি দেখিয়ে সঙ্গে মূল সীমান্তে ইতিমধ্যেই দীর্ঘ কাটাতারের বেড়া দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২২৩৫ঘ.
bdnews24