ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের আব্দুর রহিম পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে নৌকায় বাস করছেন সোমবার ঘূর্ণিঝড় আয়লার আঘাতে ঘর-বাড়ি হারানোর পর থেকে। নৌকার ওপর মাটির চূলায় রান্না হচ্ছিল। নৌকাটি বেঁধে রেখেছেন বিধ্বস্ত ঘরের সামনে একটি গাছের সঙ্গে। রহিমের মত সাতক্ষীরা শ্যামনগর ও আশাশুনি উপজেলার অন্তত দুই লাখ মানুষ ঘর-বাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন নৌকা, উঁচু সড়ক, বাঁধ, আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে। আর বরগুনা, বাগেরহাট ও খুলনায় আরও কয়েক লাখ মানুষও গৃহহীন হয়েছে। একই অবস্থা ভোলা, পটুয়াখালীসহ উপকুলের বিভিন্ন স্থানে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন জানায়, বরগুনায় তিন হাজার ৯২০টি, বাগেরহাটে দুই হাজার ৪০৩টি, খুলনায় ৪৮ হাজার ৪০০টি এবং সাতক্ষীরায় এক লাখ ১৫ হাজার ৭২৯টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখ ৪১ হাজারের মত ঘর-বাড়ি। এর মধ্যে রয়েছে বরগুনায় ১৯ হাজার ৬৫৮, বাগেরহাটে ৩৯ হাজার ৬০, খুলনায় ৪৫ হাজার ৯৫৯টি এবং সাতক্ষীরায় ২৬ হাজার ৫৫টি।
সোমবার দুপুরে ঘূর্ণিঝড় আয়লা বরিশাল ও খুলনা উপকূলে আঘাত হানে। এত অন্তত ১৭৮ জন মারা গেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জানিয়েছে। তবে সরকারি হিসেবে ১৪৭ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার জানিয়েছেন ভোলায় ১০ জন নিখোঁজ রয়েছে। আহতের সংখ্যা ছয় হাজার ৭০৮ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন স্থানীয়ভাবে কিংবা সরকারিভাবে নিখোঁজ থাকার খবর তারা পাননি।
বরগুনা: বরগুনায় তিন হাজার ৯২০টি পরিবারের ঘর সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ হাজার ৬৫৮টি ঘর। ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভেঙে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের। জেলার ৬০ হাজার ৪৪৫টি পরিবারের ২ লাখ ৮৪ হাজার ৭৯ জন লোক ক্ষতির শিকার হয়েছে। জেলা নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য দিয়েছে।
এ সব পরিবারের অন্তত ২০ হাজার লোক বাঁধ, সড়কসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।
বাগেরহাট: বাগেরহাটে দুই হাজার ৪০৩টি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং ৩৯ হাজার ৬০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মংলায় ১ হাজার ২৪৭টি, শরণখোলায় ৭৫০টি এবং সদর উপজেলায় ৪০৬টি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনছার আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জেলার ৪৬টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা এলাকার ২ হাজার ৪০৩টি বসতবাড়ি সম্পূর্ণ এবং ৩৯ হাজার ৬০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, জলোচ্ছ্বাসে এসব উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫৬ হাজার ৬১৪ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৫৭।
শরণখোলার ঘরবাড়ি হারানো তিন হাজার মানুষ স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে বলে জানান তিনি।
খুলনা: জেলার ছয়টি উপজেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে প্রায় একলাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় পাঁচ লাখের বেশি মানুষ ঘর-বাড়ি এদের কেউ আশ্রয়কেন্দ্র, কেউ বা নৌকায় আশ্রয় নিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মায়োজ্জেম হোসেন জানান, জেলার ৬টি উপজেলার ৯৪ হাজার ৮৫৮টি বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ের চেয়ে জলোচ্ছ্বাসে ক্ষতি হয়েছে বেশি।
তিনি জানান, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা মোট ৪৮ হাজার ৪০০। এর মধ্যে কয়রা উপজেলায় ১৩ হাজার ৮২০, দাকোপে ২০হাজার ৩৪৩, পাইকগাছায় ১২ হাজার ৫৯২, বটিয়ঘাটায় এক হাজার ৪৫, ডুমুুরিয়ায় ৫৫০ এবং রূপসায় ৫০টি ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
আংশিক বিধ্বস্ত হয়েছে কয়রা উপজেলায় ১৮ হাজার, দাকোপে ৪ হাজার ৭২৪, পাইকগাছায় ১৪ হাজার ৭০৮, বটিয়াঘাটায় ৬ হাজার ১৭৫, ডুমুরিয়ায় ২ হাজার ৩৫১ এবং রূপসায় ৫০০টি ঘরবাড়ি।
৬টি উপজেলায় ৫ লাখ ৬ হাজার ৯২৬ জন গৃহহারা হয়েছে। এর মধ্যে রয়েছে কয়রায় এক লাখ ৫২ হাজার ৪৯৬, দাকোপে এক লাখ ৩৩ হাজার ৭০০, পাইকগাছায় এক লাখ ৫০ হাজার, বটিয়াঘাটায় ৪৫ হাজার, ডুমুরিয়ায় ১৬ হাজার ৪১০ এবং রূপসায় ৯ হাজার ৩২০ জন।
এদিকে সরকারি হিসেবে ঘূর্ণিঝড়ে সর্বশেষ খবর অনুযায়ী কয়রা উপজেলায় ৪২ জন এবং দাকোপে ১ জন এবং বাটিয়াঘাটায় একজনসহ মোট ৪৩ জন মারা গেছে।
সাতক্ষীরা: জেলার সাতটি উপলোয় এক লাখ ১৫ হাজার ৭২৯টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে ২৬ হাজার ৫৫টি ঘরবাড়ি।
এসব উপজেলার এ লাখ ১৪ হাজার ১৬৪টি পরিবারের পাঁচ লাখ ৯৫ হাজার ১২২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, আশাশুনি উপজেলায় ১২,৮৫৫টি, শ্যামনগরে ৮৭ হাজার ৩৪২টি, কালিগঞ্জে ২ হাজার ৪২টি, সদরে ৩৪০টি, দেবহাটায় ১ হাজার ১৬৬টি, কলারোয়ায় ৪০২টি এবং তালায় ২ হাজার ১০০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে শ্যামনগরে ৯ হাজার ৫৭৪টি, আশাশুনিতে ১ হাজার ১২৪টি, কালিগঞ্জে ৫ হাজার ৭০২টি, সদরে ৩ হাজার ১০০টি, দেবহাটায় ২ হাজার ৫২৭টি, কলারোয়ায় ১ হাজার ৭৮টি এবং তালায় ২ হাজার ৯৫০টি ঘরবাড়ি।
জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তবিবুর রহমান জানান, আশাশুনির ১২ হাজার ৮৫৫টি পরিবারের ১ লাখ ৮৯ হাজার ২০, কালিগঞ্জের ১৮ হাজার ২১৭টি পরিবারের ৬৫ হাজার ৬৭৫, সদরের ৩ হাজার ৪৪০টি পরিবারের ৬০ হাজার, দেবহাটার ১৩ হাজার ২৭৫টি পরিবারের ১৩ হাজার ৯০২, কলারোয়ার ২ হাজার ৮৭০টি পরিবারের ১১ হাজার ৫৩২ এবং তালা উপজেলার ৫ হাজার ৫০টি পরিবারের ২২ হাজার ৭০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ছাড়া জেলায় ১৯ হাজার ৫৩৭ লোক ১৬০টি আশ্রয়কেন্দ্রে আছেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24