২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রতুল ত্রাণ, ডায়রিয়ার প্রাদুর্ভাব

ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত হওয়ার চারদিন পরও সাতক্ষীরার দু'টি উপজেলায় খাবার ও পানির সংকট চলছে। দূষিত ও নোংরা পানি পান করে ডায়রিয়া ও চর্মরোগের মত পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এর মধ্যে ডায়রিয়ায় সাতক্ষীরায় চারজন মারা গেছেন। খুলনায় অন্তত পাঁচ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসন বলছে, পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত হওয়ার চারদিন পরও সাতক্ষীরার দু'টি উপজেলায় খাবার ও পানির সংকট চলছে। দূষিত ও নোংরা পানি পান করে ডায়রিয়া ও চর্মরোগের মত পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এর মধ্যে ডায়রিয়ায় সাতক্ষীরায় চারজন মারা গেছেন। খুলনায় অন্তত পাঁচ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসন বলছে, পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: সরকারি ভাবে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহের কথা বলা হলেও উপদ্রুত এলাকার অনেক দুর্গমস্থানে এখন পর্যন্ত কিছুই পৌছায়নি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। জেলার আশাশুনি ও শ্যামনগরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুই এলাকার লোকজন জানায়, গত চারদিনে সরকারিভাবে যে ত্রাণ যে দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার কয়েকটি গ্রামে কোন ত্রাণ পৌছায়নি বলে সেখানকার অনাহারীরা জানিয়েছেন। যেসব গ্রামে মাথাপিছু পাঁচশ' গ্রাম চাল দেওয়া হয়েছে রান্না করে খাওয়ার মত কোনো ব্যবস্থা না থাকায় চাল ভিজিয়ে খেতে হচ্ছে লোকজনকে। উপদ্রুত দু'টি উপজেলার মানুষেরা বিশুদ্ধ খাবার পানির অভাবে দূষিত নোংরা পানি পান করছে। ফলে সেখানে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ইতোমধ্যে ডায়রিয়ায় মারা গেছেন চারজন। সরকারিভাবে ৩৭ টি মেডিকেল টিম কাজ করছে বলা হলেও অনেক জায়গায় সাধারণ মানুষরা তাদের দেখা পায়নি। গাবুরার ইউপি চেয়ারম্যান স ম লেলিন জানান, শুক্রবার কোন লাশ উদ্ধার না হলেও ইউনিয়নের ১০ নং সোরা গ্রামে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখা গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সেনাবাহিনী, বিডিআর, নৌবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে। তারা বিভিন্ন এলাকায় পানি ও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে। মেডিকেল টিমগুলো এ পর্যন্ত তিন শতাধিক ডায়রিয়া রোগীর চিকিৎসা দিয়েছে। জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত এক হাজার ৫'শ ২ মেট্রিক টন চাল ও নগদ ২৫ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ও মুন্সীগঞ্জ ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার পর্যাপ্ত ত্রাণ ও ওষুধপত্রের ব্যবস্থা করেছে। সুষ্ঠু বন্টনের মাধ্যমে দুর্গত মানুষদের কাছে সম্মিলিতভাবে তা পৌঁছে জন্য তিনি দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সাংসদ শেখ মুজিবর রহমান, এইচ এম গোলাম রেজা, এম এ জব্বার প্রমুখ। খুলনা: ঘূর্ণিঝড় আয়লা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে মানুষের লাশের সঙ্গে মৃত গবাদিপশু ও বিভিন্ন জীবজন্তুর পচা দুর্গন্ধের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে। এ কারণে দ্রুত ডায়রিয়া ছড়িয়ে পড়ছে সর্বত্র। আক্রান্তদের জন্য নেই পর্যাপ্ত ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ দুই উপজেলার ডায়রিয়া আক্রান্ত সহস্রাধিক মানুষের মধ্যে বেশির ভাগই শিশু বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান গাজী জানান, উপজেলার উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, কয়রা সদর, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়নে কমপক্ষে দুই হাজার মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছে। তবে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আরিফ পাশা জানান, বৃহস্পতিবার তিনি ছয়জন ডায়রিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। দাকোপ উপজেলার সবচেয়ে বেশি ডায়রিয়া উপদ্রুত ইউনিয়নগুলো হল- সুতারখালি, কামারখোলা, তিলডাঙ্গা ও বানিয়াশান্তা। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান জানান, গত তিনদিনে সুতারখালি ইউনিয়নে দুই হাজার ৮০০, কামারখোলায় ৫০০, তিলডাঙ্গায় ১০০ এবং বানিয়াশান্তায় ৩০০ লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসা দিতে নয়টি মেডিকেল টিম কাজ করছে বলে জানান তিনি। এদিকে সুতারখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার জনান, এ ইউনিয়নে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৫ হাজার। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়লেও স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। আক্রান্তরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না বলেও জানান তিনি। কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান সমরেশ রায় জানান, তার ইউনিয়নে আক্রান্তের সংখ্যা সাত শতাধিক। বানিয়াশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুধাংশু কুমার বৈদ্য জানান, তার এলাকায় এ সংখ্যা পাঁচ শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫১ ঘ.