দাউদ মার্চেন্টকে নিয়ে দিনভর পুলিশের অভিযান
মুম্বাইয়ের অপরাধ জগতের মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের 'সহযোগী' আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়টি শুক্রবারও পুলিশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
মুম্বাইয়ের অপরাধ জগতের মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের 'সহযোগী' আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়টি শুক্রবারও পুলিশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
তবে দাউদ মার্চেন্ট এবং তাকে আশ্রয় দেওয়া কামাল মিয়া ও ঢাকার শেখেরটেকের জাহিদ নামে এক ব্যক্তিকে নিয়ে গোয়েন্দা পুলিশ শুক্রবার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের একজন উধ্বর্তন কর্মকর্তা জানিয়েছেন।
বিখ্যাত ভারতীয় মিউজিক কোম্পানি টি-সিরিজের মালিক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দাউদ মার্চেন্ট প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে বাংলাদেশে আসেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহায়তায় শহরের মৌড়াইল মহল্লার একটি বাড়ি থেকে দাউদ মার্চেন্টকে আটক করে। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক কামাল মিয়াকেও আটক করা হয়। এছাড়া দাউদ মার্চেন্টের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর শেখেরটেক থেকে জাহিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সন্দেহ করছে জাহিদ ভারতীয় নাগরিক।
নাম না প্রকাশের শর্তে মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাউদ মার্চেন্টসহ আটক অপর দুজনকে নিয়ে দিনভর বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। দাউদ মার্চেন্টের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের আটকের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, তাদের কাউকেই এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। কারণ, কোন বিশেষ উদ্দেশ্য, নাকি নিছক নিরাপদে গা ঢাকা দিতে দাউদ মার্চেন্ট বাংলাদেশে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হকের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বিষয়টি আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।'
এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা 'বাসস'কে উদ্ধৃত করে দাউদ মার্চেন্টকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট মুখলেছুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার জেলা পুলিশের সহায়তায় শহরের মৌড়াইল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দাউদ মার্চেন্টকে গ্রেপ্তার করে। আটকের পরপরই দাউদ মার্চেন্টকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোনের কললিষ্ট পরীক্ষা করে পুলিশ ধারণা করছে, তার সঙ্গে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমসহ আরো অনেক 'কুখ্যাত' ব্যাক্তির যোগাযোগ রয়েছে।
