ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের 'সহযোগী' আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে গ্রেফতারের কথা অবশেষে স্বীকার করেছে বাংলাদেশ পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার তাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেছে। পরে ১০ দিন রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।
দাউদ মার্চেন্ট সাংবাদিকদের কাছে দাবি করেন, এনকাউন্টারের ভয়ে তিনি ভারত থেকে পালিয়ে আসেন। গুলশান কুমার হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন।
গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এএসএম শহীদুল হক বলেন, "দাউদ মার্চেন্টকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ঝুমুর হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তিনি নিজেকে ভারতীয় নাগরিক সমির শেখ বলে পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে নিজের আসল পরিচয় স্বীকার করেন।"
ডিএমপি কমিশনার জানান, দাউদ মার্চেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল থেকে কামাল মিয়া এবং পরবর্তীতে রাজধানীর আদাবর থেকে জাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়।
শহীদুল হক বলেন, "বাংলাদেশে তাদের নেটওয়ার্ক কতটুকু বিস্তৃত তা জানার জন্য গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।"
তিনি বলেন, "দাউদ ইব্রাহিমের সন্ত্রাসী দলের নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যেই তার সেকেন্ড- ইন- কমান্ড ছোট শাকিলের পরামর্শে দাউদ মার্চেন্টের বাংলাদেশে আগমন বলে আমরা ধারণা করছি। এছাড়া দাউদ মার্চেন্ট বাংলাদেশে আসার পর বহুবার ছোট শাকিলের সঙ্গে কথা বলেছে।"
পুলিশ কমিশনার জানান, ২৯ মে আদাবরের বাসায় অভিযান চালিয়ে আব্দুর রহমান শেখ নামে দাউদ মার্চেন্টের ছবিযুক্ত একটি পাসর্পোট, সমীর শেখ পাতিল নামে দাউদ মার্চেন্টের ছবিযুক্ত একটি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় এয়ারটেল কোম্পানির দুটি মোবাইল সিম এবং ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, তাকে ভারতে পাঠানো হবে কিনা আদালত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনের পর দাউদ মার্চেন্ট এবং অপর দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে সাংবাদিকরা তাদেরকে নানা প্রশ্ন করেন। দাউদ মার্চেন্ট কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে প্রশ্নের জবাব দেন। ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতে পারলেও তা স্পষ্ট নয়। তবে গ্রেপ্তারকৃত অপর দুজন জাহিদ শেখ এবং কামাল হিন্দি এবং বাংলায় কথা বলেন।
দাউদ মার্চেন্ট সাংবাদিকদের বলেন, "অসুস্থ মাকে দেখতে আমি ১৪ দিনের প্যারোলে মুক্তি পাই। প্যারোলে মুক্তির পর নিয়ম অনুযায়ী ১০দিন স্থানীয় থানায় হাজির হই। কিন্তু মুম্বাই পুলিশ আমাকে এনকাউন্টারে দেওয়ার পরিকল্পনা করছে, এমন খবর পেয়ে পরে আর থানায় হাজির না হয়ে বাংলাদেশে পালিয়ে আসি।"
দাউদ মার্চেন্ট জানান, গত এপ্রিল মাসে আখাউড়া সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসেন তিনি। এক্ষেত্রে তার ছোট ভাই ইমতিয়াজের বাংলাদেশে অবস্থানরত বন্ধু জাহিদ শেখের সহযোগিতা নেন এবং তার আদাবরের বাসায় উঠেন। এরপর তিনি জাহিদের বন্ধু কামালের ব্রহ্মনবাড়িয়ার বাসায় যান। কামালের সহায়তায় দাউদ মার্চেন্ট নিজের প্রকৃত নাম গোপন করে আব্দুর রহমান শেখ নামে একটি পাসপোর্ট জোগাড় করেন।
তিনি বলেন, "গুলশান কুমার হত্যাকাণ্ডে আমি জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।"
গুলশান কুমারকে হত্যার কথা স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দাউদ মার্চেন্ট বলেন, "বলতে হয় বলেই বলেছি।"
ভারতীয় মিউজিক কোম্পানি টি-সিরিজের মালিক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দাউদ মার্চেন্ট ।
জাহিদ শেখ পুলিশকে জানিয়েছেন, তিনি কলকাতার চব্বিশ পরগনা এলাকার অধিবাসী। ১৯৯৭ সালে মুম্বাইয়ে একটি হোটেলে চাকরি করার সুবাদে দাউদ মার্চেন্টের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তার মাধ্যমে দাউদ ইব্রাহিমের সেকেন্ড- ইন- কমান্ড ছোট শাকিলের সঙ্গে ঘনিষ্টতা হয়। ভারতে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর জাহিদ প্রায় ৭ বছর আগে বাংলাদেশে পালিয়ে আসেন। এখানে নিজেকে তিনি বিহারী পরিচয় দিয়ে অবস্থান করছেন এবং ছোট শাকিলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ছোট শাকিল তাকে প্রতি মাসে ১০ হাজার করে টাকা করে পাঠাতো।
মঙ্গলবার গ্রেফতারের পর দাউদ মার্চেন্টকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। দাউদকে গ্রেফতারের পর ব্রাহ্মণবাড়িয়ায় তার বাড়িওয়ালা কামাল মিয়া এবং আদাবর শেখেরটেক থেকে জাহিদকে গ্রেফতার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/এমআই/এইচএ/১৭২০ ঘ.
bdnews24