রংপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ী এলাকায় শুক্রবার সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার জাহাঙ্গীর হোসেন (৩৫) ও দিনাজপুর শহরের রেহেনা আকতার (২৫)।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সোয়া ১১টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী এসএ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বালাবাড়ী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।"
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হতাহতদের সবাই বাসযাত্রী বলেও ওসি মকবুল হোসেন জানিয়েছেন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩২২ ঘ.
bdnews24