২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের চিন্তাভাবনা

পাগলা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের কাজ আবারো শুরুর চিন্তা-ভাবনা চলছে। প্ল্যান্টটি স্থাপন করা হলে দৈনিক প্রায় ৪৫ কোটি লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাগলা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের কাজ আবারো শুরুর চিন্তা-ভাবনা চলছে। প্ল্যান্টটি স্থাপন করা হলে দৈনিক প্রায় ৪৫ কোটি লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব হবে। প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে সরকারের সঙ্গে চীনা প্রতিষ্ঠান 'চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড'-এর আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি ২০০২ সালে প্ল্যান্ট স্থাপনের আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। কোম্পানির চেয়ারম্যান লুও ইয়ান, সহকারী চেয়ারম্যান হু ওয়েই এবং প্রধান প্রতিনিধি বেনি ফেং বৃহস্পতিবার এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান আলী মোল্লা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, জোট সরকারের সময় ২০০২ সালে পাগলা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়। প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে প্ল্যান্টটি নির্মাণে আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন প্রায় ২২০ কোটি লিটার পানি লাগে বলে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে ৮৬ শতাংশ পানিই সংগ্রহ করা হয় ভূগর্ভস্থ উৎস থেকে। বাকী ১৪ শতাংশ পানি আসে ভূ-পৃষ্ঠের উপরিভাগ থেকে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে। তিনি জানান, বর্তমান সরকার ভূ-পৃষ্ঠের উপরের উৎস থেকে ঢাকার পানি সমস্যার সমাধান করতে চায়। তাই এ প্ল্যান্টটি বাস্তবায়নে নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। চীনা প্রতিষ্ঠানটিও এ ব্যাপারে আগ্রহী। এক্ষেত্রে চীন সহজ শর্তে ঋণ দিতেও আগ্রহী বলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান। তবে কতদিনের মধ্যে এবং কি প্রক্রিয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে শাহজাহান মোল্লা কিছুই জানাতে পারেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি একটি পুরনো উদ্যোগ। নতুন করে এ ব্যাপারে আলোচনা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/টিআর/২৩৩০ ঘ.