চট্টগ্রাম মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে বৃহস্পতিবার বিকেল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
বৃহস্পতিবার বিকালে আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পরপর লিয়াকতকে দামপাড়ায় সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিকাল পাঁচটা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী।
দশ ট্রাক অস্ত্র আটকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে লিয়াকতকে সিআইডি গ্রেপ্তার করে। এ মামলায় এর আগে এনএসআই'র সাবেক তিন কর্মকর্তা এবং একজন মাঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি পুলিশ আটক করে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় সংক্ষিপ্ত শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম আসাদুজ্জামান খান লিয়াকতকে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
বুধবার বিকেলে মামলার তদন্ত মনিরুজ্জামান চৌধুরী এনএসআই'র সাবেক এ কর্মকর্তাকে পাঁচদিন তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছিলেন।
শুনানিতে সরকারি কৌসুলি কামাল উদ্দীন আহম্মদ আদালতকে বলেন, এ মামলায় গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক সাহাবউদ্দিন আহমেদ জবানবন্দিতে লিয়াকতের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেছেন।
তিনি বলেন, ঢাকায় থেকে অস্ত্র খালাসের পুরো ঘটনা লিয়াকত মনিটরিং করেছেন। এ ছাড়া অস্ত্র খালাসের আগেরদিন রাতে সাহাবউদ্দিনের মোবাইল ফোন লিয়াকতের কাছে ছিল। গ্রেপ্তারকৃত লিয়াকত এ ঘটনার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়ার আবেদনের বিরোধিতা করে লিয়াকতের আইনজীবী আবুল হাসান আদালতকে বলেন, হয়রানির জন্য সিআইডি তাকে (লিয়াকত) জিজ্ঞাসাবাদ করতে চায়। লিয়াকত অসুস্থ দাবি করে তাকে জামিন দেওয়ার আবেদনও জানান তিনি।
জিজ্ঞাসাবাদের বিরোধিতা করে দেওয়া লিয়াকতের আইনজীবীর বক্তব্য এবং তার জামিন আবেদন নাকচ করে দেন হাকিম এম আসাদুজ্জামান খান।
এদিকে এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আগামী রোববার বা সোমবার ঢাকায় টাস্কফোর্স ইন্টারোগেশন-টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
তিনি জানান, তাকে ছয়দিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি রয়েছে।
গ্রেপ্তারকৃত এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) সাহাবউদ্দিন আহমেদের জবানবন্দির ভিত্তিতে গত ১৬ মে গোয়েন্দা সংস্থাটির সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
২১ মে আব্দুর রহিমকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। মঙ্গলবার তাকে আবার চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে ট্রাক ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান চট্টগ্রাম গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া তথ্যে ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এনএসআই'র মাঠ কর্মকতা আকবর হোসেন খানকে।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24