২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা: রাজশাহীতে আরও দুই শিবির গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ ও পুলিশ ফাঁড়িতে হামলার মামলায় বুধবার গভীর রাতে জামায়াত ইসলামী সমর্থক ছাত্র শিবিরের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

রাজশাহী, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে পুলিশ ও পুলিশ ফাঁড়িতে হামলার মামলায় বুধবার গভীর রাতে জামায়াত ইসলামী সমর্থক ছাত্র শিবিরের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শিবিরের ৩৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। নিষেধাজ্ঞা অমান্য করে ২৪ মে বহিরাগতদের নিয়ে শিবির নেতাকর্মীরা বিনোদপুরে মিছিল বের করে। এতে বাধা দিলে শিবিরের নেতাকর্মীরা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। দুপক্ষের সংঘর্ষে আহত হন ১০ পুলিশসহ ২০ জন। এ ঘটনায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদি হয়ে মতিহার থানায় দুটি মামলা করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী বিনোদপুর, মির্জাপুর, সাধুরমোড়, মেহেরচণ্ডী, নগরীর বোসপাড়া এবং হেতেমখাঁ এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। সাধুরমোড়ের একটি ছাত্রাবাস থেকে শিবির কর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল প্রথমবর্ষের ছাত্র মুশফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, পুলিশ ও পুলিশ ফাঁড়িতে হামলার মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতা শরিফুজ্জামান নোমনী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্যারামেডিকেল ও বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ১ জুন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পাসগুলোতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.