ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সর্বশেষ একটি ঘুষের মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ মারযি-উল-হকের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় মঞ্জুকে জামিন দেয় ।
এ মামলায় মঞ্জুর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আদেশ বহাল থাকবে বলে আদালত জানায়।
মঞ্জুর একজন কৌসুলী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, "সর্বশেষ একটি চাঁদাবাজির মামলায় আনোয়ার হোসেন মঞ্জুকে হাইকোর্ট জামিন দিয়েছে। তার কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই।"
২০০৭ সালের ২৫ জুলায় শাহবাগ থানায় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে ৭৭ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল।
ঢাকার একটি আদালত এ মামলায় মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।
বৃহস্পতিবার এ মামলায় মঞ্জুর পক্ষে আপিল ও জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
সরকার পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন অ্যানি।
আনোয়ার হোসেন মঞ্জু চারটি মামলায় মোট ৩২ বছরের কারাদন্ড পেয়েছেন।
এর মধ্যে গত ২৬ মে মঞ্জুকে ঢাকা মহানগর দায়রা আদালত ২২ বোতল মদের মামলায় জামিন দিয়েছিল। এ মামলায় মঞ্জুকে ৫ বছরের কারাদন্ড দিয়েছিল ঢাকার একটি আদালত।
এর আগে গত ১৯ মে আনোয়ার হোসেন মঞ্জুকে দুটি মামলায় জামিন দেয় হাইকোর্ট। এর মধ্যে একটি অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় মঞ্জুকে ঢাকার আদালত ১৩ বছরের কারাদণ্ড ও ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল।
গত ৬ মে আনোয়ার হোসেন মঞ্জু অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/এফএফ/জিএনএ/১৫৪৫ ঘ.
bdnews24