ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার রাতে র্যাবের সঙ্গে কথিত 'গুলি বিনিময়ে' ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলেন- ইনস্টিটিউটের তড়িৎ কৌশল বিভাগের ৪র্থ বর্ষের (অষ্টম সেমিস্টার) ছাত্র মহসীন শেখ (২৩) এবং যন্ত্র কৌশল বিভাগের ৩য় বর্ষের (ষষ্ঠ সেমিস্টার) ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ (২২)। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা তাদের পরিচয় নিশ্চিত করেন।
মহসিনের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পুটিয়া গ্রামে। তার বাবার নাম মোখলেস শেখ। জিন্নাহর বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামে। তার বাবার নাম মনিরুল ইসলাম।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অব্যাহত দেশি-বিদেশি সমালোচনা ও উদ্বেগের মধ্যেই এ ঘটনা ঘটল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বৃহস্পতিবার সকালে লাশ সনাক্ত করেন নিহতের বন্ধু ও একই ইনস্টিটিউটের ছাত্র আলিফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সকালে টেলিভিশনে 'গুলি বিনিময়ে' দুই যুবকের নিহতের সংবাদ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লাশ সনাক্ত করি।'
বুধবার রাত সাড়ে নয়টা পর্যন্ত তারা একসঙ্গে আড্ডা দিয়েছেন বলেও তিনি জানান।
ঢাকা পলিকটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'তারা (জিন্নাহ ও মহসিন) এই প্রতিষ্ঠানেরই ছাত্র। সক্রিয় রাজনৈতিক তৎপরতায় তারা যুক্ত আছে কিনা, তা জানা নেই।"
জিন্নাহ থাকতেন ইনস্টিটিউটের জহির রায়হান ছাত্রবাসের ৩১৫ নম্বর কক্ষে। তার রুমমেট আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সে প্রায়ই রাত ৮টার দিকে বেরিয়ে যেত, ফিরত গভীর রাতে। তবে সে অপরাধী কোনো দলের সঙ্গে জড়িত, এমন লক্ষণ আমাদের কাছে ধরা পড়েনি।"
আমিনুর জানান, জিন্নাহ পলিটেকনিকে ছাত্রলীগের 'জাকির গ্র"পে' সক্রিয় ছিল।
নিহত অপর জন মহসিন থাকত লতিফ ছাত্রাবাসে।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তালেবুর রহমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'র্যাবের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন আসাদগেটে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। রাত সাড়ে ১২টার দিকে সন্দেহজনক দুই যুবক হেঁটে যাওয়ার সময় র্যাব তাদের থামতে বলে। কিন্তু তারা উল্টো র্যাবকে লক্ষ করে গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি ছোড়ে।"
তালেবুর রহমান জানান, গোলাগুলি শেষে ঘটনাস্থলে দুই যুবকের মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি রিভলবার এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ লাশ দু'টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স
bdnews24