২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ফরিদপুর, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ এ রায় দেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সলিম মজুমদার ওরফে সলিম মাঝি (৫৫) হত্যা মামলায় এ রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল ফকির (৩৫), বাবু ওরফে বাবুল (২৮), লালচান (৩০), শহীদ খাঁ (৩৫), উজ্জ্বল (২৫), নান্নু ফকির (৩০), হাচেন ফকির ওরফে ফটিক ফকির (৬৫), মোচন ফকির (৬০) ও পান্নু ফকির (৩৮)। রায় ঘোষণার সময় জয়নাল, নান্নু, হাচেন ফকির ও মোচন ফকির আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের ট্রলার মাঝি সলিম ২০০৪ সালের ১৮ জুলাই রাতের খাবার খেয়ে বাড়ি সংলগ্ন গোপালপুর ঘাটে নিজ ট্রলারে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে ট্রলারসহ তিনি নিখোঁজ থাকেন। ১ আগস্ট পার্শ্ববর্তী সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের পদ্মার সাদুল্লা চরে সলিম মাঝির লাশ পাওয়া যায়। এর আগে ২১ জুলাই সলিম মাঝির ভাই হালিম মজুমদার চরভদ্রাসন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরবর্তীতে ওই জিডিটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.