২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক কর্মীর অভিযোগে মেয়র খোকাসহ ৫ জনকে হাইকোর্টের তলব

অবসরের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলা এক সাবেক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্র্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবসরের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলা এক সাবেক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্র্ট। মেয়র ছাড়া তলব পাওয়া অন্যরা হলেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, সচিব মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকার সচিব শেখ খোরসেদ আলম ও যুগ্ম সচিব মিজানুর রহমান। আগামী ২৯ জুন সকালে তাদের হাইকোর্টে ব্যক্তিগতভাবে হাজির থাকতে বলা হয়েছে। বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী শামসুল হক ভুইঞার দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী শামসুল হক ভুইঞা অবসরে যান। ২০০৮ সাল পর্যন্ত তাকে অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তিনি ২০০৮ সালের ৯ মার্চ ওই সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ চেয়ে রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট তার অবসরকালীন সুযোগ সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে তখন রুলনিশি জারি করে। আবেদনে আরও বলা হয়, এরপর ২০০৮ সালের ৫ জুন হাইকোর্ট দুই মাসের মধ্যে শামসুল হক ভুইঞার অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঢাকার মেয়রসহ উল্লিখিত পাঁচজনের প্রতি নির্দেশ দেন। আবেদনে বলা হয়, কিন্তু ওই দুই মাসের মধ্যে তাকে সুযোগ সুবিধা না দেওয়ার তাদের বিরুদ্ধে শামসুল হক ২০০৮ সালের ২৬ আগস্ট আদালত অবমাননার মামলা করলে আদালত রুল জারি করে। এখন পর্যন্ত তারা রুলের জবাব দেননি। এসব উল্লেখ করে গত ১২ মে শামসুল হক হাইকোর্টে ঢাকার মেয়রসহ ৫ জনকে তলব করার আবেদনটি দায়ের করেন। আবেদনটির ওপর শামসুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এম এ গাফফার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৩৬ঘ.