ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপকূলীয় জেলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। ত্রাণকর্মীদের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও নৌ-বাহিনীর সদস্যরা। বুধবারের মধ্যেই বিধ্বস্ত জনপদের সবখানেই ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক।
এদিকে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে বুধবার রাত ৮টা পর্যন্ত ১৫০ জনে দাঁড়িয়েছে। তবে সরকারিভাবে ১১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোলা, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় এখন পর্যন্ত কয়েক শ' লোক নিখোঁজ রয়েছেন। পানিবন্দি আছেন হাজার হাজার মানুষ। এছাড়া পুকুর ও মাছের ঘের ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ঘর-বাড়ি, রাস্তাঘাট ও ফসলেরও। (আরও তথ্যসহ-৭)
নিহতদের মধ্যে রয়েছে খুলনায় ৩৫, সাতক্ষীরায় ৩৫, বরিশালে ৯, নোয়াখালীতে ২৪, ভোলায় ১৬, পটুয়াখালীতে ৯, পিরোজপুরে ১, লক্ষ্মীপুরে ৭, নরসিংদীতে ৪, চাঁপাইনবাগঞ্জে ২, কক্সবাজারে ২, মাগুরায় একজন, নঁওগাঁয় দুজন, রংপুরে একজন ও রাজশাহীতে দুজন।
বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুল রাজ্জাক তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে।
আগের দিন মঙ্গলবার দুপুরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনরত উপসচিব সুলতান উল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার ৯০টি পরিবারের ১৩ লাখ ৩৩ হাজার ৪২৯ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪টি উপজেলার ৬৮টি ইউনিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০৪৫ ঘ.
bdnews24