২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন নীতিমালায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গুরুত্ব পাচ্ছে: পর্যটনমন্ত্রী

পর্যটন নীতিমালায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্যটন নীতিমালায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বুধবার 'পর্যটন নীতিমালা, ২০০৯' ও প্রস্তাবিত 'পর্যটন বোর্ড আইন, ২০০৯' নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালীতে পর্যটনের হোটেল অবকাশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বুধবার পর্যটন খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে নীতিমালা ও পর্যটন বোর্ড আইন চুড়ান্ত করা হবে। এই নীতিমালা ও আইন প্রণয়ন কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়ে জিএম কাদের বলেন, কাজ শেষ হলে অনুমোদনের জন্য বোর্ড আইনটি মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে যাচাই-বাছাইয়ের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পর এটি সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপন করা হবে এবং নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, নীতিমালায় পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই বেসরকারিভাবে শতকরা ৯০ ভাগ ও সরকারিভাবে ১০ ভাগ পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজ করা হবে। যাতায়াত, নিরাপত্তা, বিদ্যুৎ-এর মতো অবকাঠামোগত সুবিধা সরকার দেবে বলে জানিয়ে তিনি বলেন, পর্যটন কেন্দ্রের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের দরপত্রের মাধ্যমে অংশ নিতে হবে। গোলাম কাদের বলেন, প্রস্তাবিত পর্যটন বোর্ডে সরকারি বেসরকারি পর্যায়ে সমান প্রতিনিধি থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন বোর্ডে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হেদায়েতুল্লাহ মামুন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/১৯৩৮ ঘ.