২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, লিয়াকতকে রিমাণ্ডের আবেদন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম আট পৃষ্ঠার লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম আট পৃষ্ঠার লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেল সোয়া তিনটা থেকে সোয়া ৫টা পর্যন্ত মহানগর হাকিম মো. ওসমান গণির আদালতে তিনি এ জবানবন্দি দেন। আব্দুর রহিমকে বিকেল ৩ টার সময় মহানগর হাকিম ওসমান গনিকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এনএসআইয়ের সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকতকে সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম আসাদুজ্জামানের আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী। আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত এনএসআই-এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিনের জবানবন্দিতে অস্ত্র পাচারের ঘটনায় লিয়াকতের যোগসূত্র পাওয়া গেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে এদিন বিকেলেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে এনএসআই এর সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিন চেয়ে বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আদালতে তার আইনজীবী আবেদন করেন। বিচারক মাহবুবুর রহমান তার জামিন আবেদন নাকচ করেছেন। রেজ্জাকুল হায়দার বর্তমানে চট্টগ্রামে কারাগারে রয়েছেন। ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সিআইডি কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে লিয়াকতকে গ্রেপ্তার করে। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি পুলিশ আটক করে। এ মামলায় এর আগে এনএসআই'র সাবেক তিন কর্মকর্তা এবং একজন মাঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) সাহাবউদ্দিন আহমেদের জবানবন্দির ভিত্তিতে গত ১৬ মে গোয়েন্দা সংস্থাটির সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। ২১ মে আব্দুর রহিমকে টাস্কফোর্স ইন্টারোগেশন-টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। মঙ্গলবার তাকে আবার চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে ট্রাক ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান চট্টগ্রাম গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া তথ্যে ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এনএসআই'র মাঠ কর্মকতা আকবর হোসেন খানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯০০ ঘ.