২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গুলি বিনিময়ে' নিহতরা ঢাকা পলিটেকনিকের ছাত্র

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত 'গুলি বিনিময়ে' নিহতরা ঢাকা পলিটেকনিকের ছাত্র। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয় নিশ্চিত করেন।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 05:42 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত 'গুলি বিনিময়ে' নিহতরা ঢাকা পলিটেকনিকের ছাত্র। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয় নিশ্চিত করেন। (আরও তথ্যসহ) নিহতরা হলেন- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহসীন শেখ (২৩) এবং মেকানিক্যাল বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ (২২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বৃহস্পতিবার সকালে লাশ সনাক্ত করেন নিহতের বন্ধু ও একই ইনস্টিটিউটের ছাত্র আলিফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকালে টেলিভিশনে 'গুলি বিনিময়ে' দুই যুবকের নিহতের সংবাদ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লাশ সনাক্ত করেছেন। বুধবার রাত সাড়ে নয়টা পর্যন্ত তারা একসঙ্গে আড্ডা দিয়েছেন বলেও তিনি জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অব্যাহত দেশি-বিদেশী সমালোচনা ও উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল। র‌্যাব-২ এর সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার রাত দেড়টায় জানান, র‌্যাবের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন আসাদগেটে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। রাত সাড়ে ১২টার দিকে সন্দেহজনক দুই যুবক হেঁটে যাওয়ার সময় র‌্যাব তাদের থামতে বলে। কিন্তু তারা উল্টো র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় দাবি করে তালেবুর রহমান বলেন, র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলি শেষে র‌্যাব সেখানে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি রিভলবার এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট জানান। মোহাম্মদপুর থানা পুলিশ লাশ দু'টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এজন্য দায়ী ব্যক্তিদের বিচার করা হবে। নিউইয়র্কভিত্তিক প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ১৮ মে বাংলাদেশ বিষয়ক এক প্রতিবেদনে র‌্যাব ও ডিজিএফআই'র বিচার-বহির্ভূত হত্যা ও অন্যান্য কার্যক্রমের তীব্র নিন্দা করে সংস্থা দুটি ভেঙে দেওয়ার পরামর্শ দেয়। সংস্থাটি 'অন্ততপক্ষে' তাদের কার্যক্রম তদারকের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের পরামর্শ দেয়। প্রতিবেদনে গত ৫ বছরে অন্তত এক হাজার বিচার-বহির্ভূত হত্যার সঙ্গে র‌্যাব ও পুলিশ জড়িত ছিল বলে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/ডিডি/টিআর/এসকে/এফএফ/এমআই/১১৪৭ ঘ.