সাভার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার আগুন বিকেল সোয়া তিনটা পর্যন্ত নেভানো সম্ভব হয়নি।
মোহাম্মদীয় ফ্যাশন-২০০০ লিমিটেড এর কারখানার শ্রমিকরা বেলা সোয়া ১১টার দিকে তিনতলা কারখানাটিতে আগুন ধরিয়ে দেয়। বেলা ১টা নাগাদ পুরো কারখানায় আগুন ধরে যায়।
শ্রমিকদের অভিযোগ, এক মাসের বকেয়া বেতন এবং ওভার টাইম না পাওয়ার প্রতিবাদে তারা এ কাজ করেছে।
আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর বেলা সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছান কারখানার মালিক হাবিবুর রহমান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেতন বাকি থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, বিকেল ৩টায় এক মাসের ওভার টাইমের টাকা দেওয়ার কথা ছিল। শ্রমিকরা ওভার টাইমের টাকা নিয়ে ক্ষুব্ধ হয়ে আগুন লাগিয়ে দিতে পারে।
তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে তিনি বলেন।
সাভারের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়া ঢাকা থেকেও দমকল বাহিনীর একটি ইউনিট বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সদস্যরা কাজ করছেন।
পানি সংকটের কারণে কারখানার পেছনের একটি পুকুর থেকে পানি নিচ্ছেন দমকলকর্মীরা।
বিজিএমইএ'র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থলে রয়েছে। বেলা তিনটার দিকে দলটির প্রধান রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার ঘটনায় রহস্য থাকতে পারে।"
দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক বলেন, "আগুন লাগার বিষয়টি খুবই রহস্যজনক। কারণ ভেতর থেকে কারখানার দোতলার দরজাগুলো বন্ধ ছিল। দরজা বেঙ্গে আগুন নেভাতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/এইচএ/১৫৫০ ঘ.
bdnews24