২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্য কমানোর চিন্তা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের মূল্য সরকার আরেক দফা কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গত তত্ত্বাধায়ক সরকারের সময় একটি নীতি চালু করা হয়। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের মূল্য সরকার আরেক দফা কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গত তত্ত্বাধায়ক সরকারের সময় একটি নীতি চালু করা হয়। সেটি হলো তিন মাস পরপর বৈঠক করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য কমানো বা বাড়ানো হবে। দু দফায় বৈঠক করে তারা জ্বালানি তেলের মূল্য কমিয়েছিল। এ নীতি অনুযায়ী জ্বালানি তেলের মূল্য কমানোর চিন্তাভাবনা করছে সরকার। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।" মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকের পর মন্ত্রী একথা বলেন। বাজেটের আগে জ্বালানি তেলের কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আলোচনা চলছে। মূল্য কমানোর সিদ্ধান্ত হলে তা জানানো হবে।" শামসুল হক জানান, তত্ত্বাবধায়ক সরকারের এ নীতির পরিবর্তন হয়নি। আমরা এ নীতিতেই রয়েছি। আগামী বাজেটে বিদ্যুৎ খাতকে তৃতীয় গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হয়েছে। এর কারণ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "সরকার সচেতন ভাবেই এ বাজেট প্রণয়ন করছে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বরাদ্দ রাখা হয়েছে। ব্যয় করতে পারব না এমন বাজেট রেখে কোন লাভ নেই। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হচ্ছে।" তেলের দাম কমানোর প্রসঙ্গে শামসুল হক বলেন, "বর্তমান সরকার হল জনগণের সরকার। জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। যখনই প্রয়োজন হবে তখনই জ্বালানি তেলের দাম কমানো হবে। বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। শামসুল হক বলেন, "রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। একইসঙ্গে কয়লানীতি চূড়ান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলনেও কাজ করবে। এছাড়া তিনি বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে সহায়তা ও অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেন।" প্রতিমন্ত্রী বলেন, "বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ উৎপাদন, উইন্ড মিল, সৌরশক্তি এবং গৃহস্থালি আবর্জনা থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহয়তা চেয়েছি। রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদনে যে কোম্পানিগুলো কাজ করছে, তাদেরকে বাংলাদেশেও কাজ করতে উৎসাহিত করা হবে।" পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কোন বক্তব্য রয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে। তবে যুুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতিবাচক কোনো কথা বলা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৪৪৮ ঘ.