ময়মনসিংহ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে মঙ্গলবার।
অনুষ্ঠানে বিকেলে বিভিন্ন সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এর মধ্যে রয়েছে সঙ্গীত ও নৃত্যসহ নানা আয়োজন।
এ ছাড়া নজরুল মেলা ও কবির কয়েকটি স্মৃতি বিজড়িত স্থানে প্রচুর কবিভক্ত ও অনুরাগী আসেন।
জমে উঠেছে বই ও গ্রামীণ মেলাও। সৌখিন পণ্যের পাশাপাশি বিভিন্ন পণ্যের দু'হাজারের মতো দোকান বসেছে এবারের বই ও গ্রামীণ মেলা।
দরিরামপুর এখন এক উৎসবের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। আজও কাজীর সিমলা দারোগা বাড়ি, নামাপাড়া বিচ্যুতিয়া বেপারিবাড়ি ও বটতলায় প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় কবিভক্ত ও অনুরাগীরা ভিড় করেন।
এ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, "বাঙালি সংস্কৃতি চেতনায় কবির কবিতা ও গান এক জাগরণী শক্তির উৎস। নজরুলের বিদ্রোহী কবিতা ও শিকল ভাঙার গান আমাদের প্রতয়ী করেছে, উজ্জীবিত করেছে মুক্তিযোদ্ধাদের।"
জেলা প্রশাসক এনএম সামসুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ মতিউর রহমান, রেজা আলী ও হায়াতুর রহমান খান বেলাল।
আলোচক ছিলেন নজরুল গবেষক যতীন সরকার ও ড. মারুফী খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24