২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রাজধানীতে আরো একজন নিহত

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বুধবার ভোরে রাজধানীতে আরো একজন নিহত হয়েছে। এ নিয়ে চলতি মাসে রাজধানী ও রাজধানীর আশপাশে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছয়জন নিহত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বুধবার ভোরে রাজধানীতে আরো একজন নিহত হয়েছে। এ নিয়ে চলতি মাসে রাজধানী ও রাজধানীর আশপাশে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছয়জন নিহত হলো। র‌্যাব জানায়, বুধবার নিহত ব্যক্তি হলো মহাখালী এলাকার শীর্ষ সন্ত্রাসী তাহের ওরফে পাংকু লিটন (৩২)। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপারেশন) আব্দুল মোমেন জানান, বুধবার ভোরে র‌্যাব - ১ এর একটি নিয়মিত টহল দলকে মহাখালী টিএন্ডটি মহিলা ডিগ্রী কলেজের পাশের বিডিআর শপ থেকে ফোন করে জানানো হয় যে, কলেজের সামনে দু'দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হচ্ছে। টহল দলটি ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে বলে জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, র‌্যাব সদস্যরাও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় র‌্যাব সদস্য কন্সটেবল সাইফুলের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে সেখানে লিটনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে তিনি জানান। আব্দুল মোমেন জানান, সন্ত্রাসী শাহীন গ্র"প এবং মিন্টু-বাবু গ্র"পের মধ্যে পোশাক শিল্প থেকে আদায় করা চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বুধবার ভোরে বন্দুকযুদ্ধ হয়। নিহত পাংকুর বিরুদ্ধে গুলশান থানায় ৩টি হত্যা মামলাসহ বেশ কয়েকটি চাঁদাবাজি এবং অপহরণের মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। র‌্যাবের সঙ্গে 'বন্দুক যুদ্ধে' গত ২৪ মে ভোরে আমিনবাজারে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয় রফিকুল ইসলাম আজাদ ওরফে সুমন। ১৮ মে রাতে মিরপুর বেড়িবাঁধে নিহত হয় মোক্তার হোসেন ওরফে শ্যুটার মোক্তার। তিনদিন আগে শুক্রবার ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকায় মারা যায় সোহেল ও বাবু নামের দুজন। ৬ মে কামরাঙ্গীরচরের শহীদনগরে নিহত হয় আলমগীর হোসেন ওরফে দেলোয়ার হোসেন দিলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২১০১ ঘ.