২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ জাতিসংঘে কালচারাল মিনিস্টার নিযুক্ত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মিনিস্টার (কালচারাল) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে তাকে ওই পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মিনিস্টার (কালচারাল) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে তাকে ওই পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার প্রশাসনের তিন যুগ্ম-সচিব ও ছয় উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এএইচএম আফজাল হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক, বিটিএমসি'র পরিচালক বদিউল আলমকে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব এরশাদ হোসেনকে বিটিএমসি'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। উপ-সচিবদের মধ্যে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলাউদ্দিনকে প্রত্যাহার করে ওএসডি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব আবুল বাশার মো. সিরাজুল হককে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনীকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) সিনিয়র বিশেষজ্ঞ, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আবদুল হাইকে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শুসেন চন্দ্র দাসকে বিএডিসি'র সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৫৭ঘ.