যশোর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৩ দশমিক ৪২ শতাংশ কমেছে। শতকরা ৬৮ দশমিক ০১ ভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ৪৩।
জিপিএ-৫ বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭শ' ৬৭ জন। গত বছর জিপিএ-৫ এর চেয়ে ৬শ ৮৮ জন কম ছিল।
মঙ্গলবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমীরুল আলম ফল প্রকাশ করেন।
এ বছর ২ হাজার ৩শ' ৪৮টি স্কুলের ১ লাখ ৬ হাজার ৯শ ৯৮ জন শিক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬ হাজার ২শ ৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৭২ হাজার ২শ' ৭১ জন। অকৃতকার্য হয়েছে ৩৩ হাজার ৯শ' ৯৩ জন।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৫ হাজার ৬শ ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৪শ' ৭৬, মানবিক বিভাগের ৫৯ হাজার ৪শ' ২৬ জনের মধ্যে ৩৫ হাজার ৩৮ এবং বাণিজ্য বিভাগের ৩১ হাজার ২শ' ১৪ জনের মধ্যে ২৩ হাজার ৭শ' ৫৭ জন পাশ করেছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ৫শ' ৪০ ছাত্র এবং ৫০ হাজার ৭শ' ২৪ জন ছাত্রী। এ বছর ছাত্রীদের চেয়ে ছাত্ররা ভাল ফল করেছে। ছাত্রদের পাশের হার ৬৯ দশমিক ৯৯। ছাত্রীদের পাশের হার ৬৫ দশমিক ৮৫।
জিপিএ-৫ ভিত্তিতে সেরা ১০ স্কুল:
যশোর বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে খুলনা জিলা স্কুল। এখানে ৩শ' ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ' ৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। ১শ' ৭২ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ ছাড়া কুষ্টিয়া জিলা স্কুল থেকে ১শ' ২২, যশোর জিলাস্কুল থেকে ১শ' ১৫, কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১শ' ৮, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৮, যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৬৬, খুলনা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে ৬৪, খুলনা পাবলিক কলেজ থেকে ৫৮ এবং খুলনা নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সেরা ১০'র তালিকায় স্থান করে নিয়েছে।
যশোর বোর্ডে শতভাগ পাশের তালিকায় সেরা ১০ স্কুল
যশোর বোর্ডের শতভাগ পাশ করে সেরা তালিকায় উঠেছে এসেছে ১০টি স্কুল। স্কুল গুলো হলো- যশোর সরকারি বালিকা বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনি বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছার নাভারণ শেখ আকিজ উদ্দিন হাইস্কুল, যশোর ক্যান্টনমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনি বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও খুলনার পাইকগাছা সরকারি হাইস্কুল।
দুটি স্কুল থেকে কেউ পাশ করেনি
দুটি স্কুল থেকে কেউ পাশ করতে পারেনি। স্কুল দুটি হচ্ছে- খুলনার ফুলতলা ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুর সদরের মদনাডাঙ্গা বালিকা বিদ্যালয়। এখান থেকে যথাক্রমে ৮ ও ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
বোর্ডের নিয়ন্ত্রক জানিয়েছেন, প্রচলিত আইনে এই স্কুল দু'টির এমপিও বাতিল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24