২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসন শিল্পে চাঁদাবাজি বন্ধে যৌথ সেল গঠনের সিদ্ধান্ত

আবাসন শিল্পে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) যৌথভাবে কাজ করবে। এজন্য রিহ্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচজন করে সদস্য নিয়ে একটি সেল গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন শিল্পে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) যৌথভাবে কাজ করবে। এজন্য রিহ্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচজন করে সদস্য নিয়ে একটি সেল গঠন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে রিহ্যাবের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে রিহ্যাব সদস্যদের সঙ্গে আবাসন শিল্পের বিভিন্ন সমস্যা বিশেষ করে চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কার্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে- জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আবাসন শিল্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আমরা যৌথভাবে একটি সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই সেলের মাধ্যমে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।" আবাসন শিল্পে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের কথা স্বীকার করে সাহারা খাতুন বলেন, "বিগত দিনের মত এই শিল্পে চাঁদাবাজি, মোবাইল ফোনে হুমকি-ধামকির বিষয় শুরু হয়েছে। কোনো ক্ষেত্রে গুলির ঘটনাও ঘটছে।" মোবাইল ফোনে চাঁদার দাবি করে হুমকি দেওয়াসহ অন্যান্য অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, "অল্প কিছু দিনের মধ্যেই এ বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।" যৌথ সেল গঠন সম্পর্কে রিহ্যাবের সভাপতি তানভিরুল হক প্রবাল সাংবাদিকদের বলেন, "বেশ কিছুদিন ধরে রিহ্যাবের সদস্যদের কাছে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডও ঘটছে। এসব ঘটনা বন্ধ করতেই আমরা যৌথ সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।" রিহ্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচজন করে সদস্য নিয়ে সেলটি গঠন করা হবে বলে জানান তিনি। বৈঠকে সংগঠনটির সাধারণ সম্পাকদ খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/১৮২৫ ঘ.