২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে সাতজনের মৃত্যু

মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে মঙ্গলবার বজ্রপাতে সাতজন মারা গেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে মঙ্গলবার বজ্রপাতে সাতজন মারা গেছেন। (আরও তথ্যসহ) এর মধ্যে সুনামগঞ্জে দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামে মারা যান আব্দুল লতিফ (৪০) ও কিরণ দাস (৩০)। হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল উপজেলার সীমান্তবর্তী হাতিয়া চা বাগানে মারা গেছেন তিন শ্রমিক। এরা হলেন- সুদর্শন (৪০), হুমায়ুন (৪২) ও অজ্ঞাতনামা একজন মহিলা শ্রমিক। এ ছাড়া আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের বিকেলে মারা গেছেন আলতা মিয়ার ছেলে খাজা মিয়া (৩০) ও সোহরাব মিয়ার ছেলে পারভেজ আহমদ (১০)। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার ঘাগঠিয়া হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুজন ঘটনাস্থরে মারা যান। ময়না তদন্তের জন্য তাদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জের বাহুবল থানার ওসি আলী ফরিদ জানান, দুপুরে হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে হাতিয়া চা বাগানে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আহতদের নাম জানাতে পারেননি। রাজনগর থানার ওসি সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে খাজা ও পারভেজ গরু আনতে মাঠে যাচ্ছিল। ওই সময় বজ্রপাতে দুজন ঘটনাস্থলে মারা যান। নিহতদের পরিবারের পক্ষ থেকে অবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.