ঢাকা মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতাবিরোধীরাই তাদের সমর্থকদের দিয়ে দেশের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা করাচ্ছে বলে অভিযোগ করেছেন 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' সভাপতি শাহরিয়ার কবির।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় তিনি এ অভিযোগ করেন।
লেখক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির বলেন, "বাংলাদেশে ১৯৭৩ সালে জারি করা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ আইনটি যুদ্ধপরাধীদের বিচারের জন্যে বিশ্বের সেরা আইন। ফলে আমাদের আর আন্তর্জাতিক আদালতে যাওয়ার দরকার নেই। এই আইনটি এড়াতেই জামায়াত তাদের লোকদের দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মামলা করাচ্ছে।"
প্রচলিত আইনে সহজেই খালাস পাওয়া যাবে - এ রকম ধারণা থেকে তারা মামলা করছে বলেও মত প্রকাশ করেন তিনি।
শাহরিয়ার কবির আরো বলেন, এক অপরাধে দুইবার বিচার হতে পারে না- এই ধুঁয়ো তুলে যুদ্ধাপরাধীরা নিজেদের বাঁচাতে চাইবে।
'যুদ্ধাপরাধীর দ্রুত বিচার দাবি: গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান' শিরোনামে 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম' সভাটির আয়োজন করে।
যুদ্ধাপরাধীদের বিচার শুরু হতে বিলম্ব হলে দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে মন্তব্য করে শাহরিয়ার কবির বলেন, "আশা করছি, এক মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হবে।"
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলার পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করা হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রজন্মের মাধ্যমে দেশের মানুষকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।"
ফজলুল করিম আরিফ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, সাবেক বিচারপতি গোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২৩২৮ঘ.
bdnews24