ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ গ্রহণ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার এক পুলিশ কর্মকর্তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডিত পুলিশ কর্মকর্তা হলেন উপ-পরিদর্শক মো. মঈনুল আহসান।
সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এএনএম বশিরউল্লাহ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ক্যান্টনমেন্ট থানায় কর্মরত অবস্থায় উপ-পরিদর্শক মঈনুল একটি মামলার আসামি মোজাম্মেল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মোজাম্মেল বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) জানান।
পরে দুদক ফাঁদ পেতে গত বছরের ১২ জুন মোজাম্মেলকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তেজগাঁওয়ের বনভোজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপ-সহকারী পরিচালক হারুনর রশীদ এই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। পরে তিনি বাদী হয়ে তেজগাঁও থানায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/২২৪৭ ঘ.
bdnews24