কুড়িগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারকৃত ৩৪ জন বিডিআর সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
সোমবার কুড়িগ্রামের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আদলতে এদের হাজির করা হয়। তারা জামিন আবেদন করলে শুনানি শেষে হাকিম ওএইচএম ইলিয়াস হোসেন নামঞ্জুর করেন।
এছাড়া হাকিম মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়ে আগামী ৮ জুন হাজিরার পরবর্তী দিন ধার্য করেন।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। কুড়িগ্রাম ২৭ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরের কিছু জওয়ানও অস্ত্রাগার লুট করে এবং ফাঁকা গুলি ছুড়ে সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয়।
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ১১ মে একটি রাষ্ট্রদ্রোহী মামলা করেন। ওইদিনই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে জেলহাজত থেকে সুবেদার মেজর ময়শের আলীসহ ৩৪ জন বিডিআর সদস্যদের আদালতে আনা হয়।
১ থেকে ৩৩ নম্বর আসামির পক্ষে অ্যাডভোকেট মনোয়ারুল হক আলো ও মোখলেছুর রহমান এবং ৩৪ নম্বর আসামির পক্ষে অ্যাডভোকেট ইয়াছিন আলী জামিন আবেদন করে শুনানিতে অংশ নেন।
শুনানির সময় বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। আদালত চত্বরে উপস্থিত তাদের স্ত্রী, ছেলে-মেয়ে ও স্বজনদেরও কান্নাকাটি করতে দেখা গেছে।
আদালতের আদেশের পর জওয়ানদের জেলহাজতে ফিরিয়ে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24