ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'-য় কয়েকটি উপক ূলীয় জেলায় সোমবার রাত ১১ টা পর্যন্ত আটজন নিহত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে একথা জানিয়েছেন।
তবে ঝড়ের সময় ভোলা ও পটুয়াখালীতে পাঁচজন মারা গেছেন বলে সন্ধ্যায় সরকারিভাবে জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আয়লা সোমবার দুপুরে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।
এছাড়া ভোলায় ট্রলার ডুবে এবং ঘর-বাড়ি ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন অন্তত ৭২ জন।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক শ' ঘর-বাড়ি। হাজার হাজার গাছ পালা ভেঙে পড়েছে।
ঝড়ের কারণে চট্টগ্রাম ও মংলা বন্দরে জাহাজ থেকে পণ্য উঠা-নামার কাজ বন্ধ রাখা হয়। চাঁদপুর, বরিশাল, মাওয়ায় ও পাটুরিয়ায় ফেরি চলাচলও বন্ধ ছিল। বন্ধ ছিল উপকূলীয় বিভিন্ন জেলার অভ্যন্তরীণ রুটের লঞ্চসহ অন্যান্য নৌযান।
বৃহস্পতিবার সৃষ্ট লঘুচাপটি শনিবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়। রোববার রাতে পরিণত হয় ঘূর্ণিঝড়ে। এর নাম দেওয়া হয় 'আয়লা'। সোমবার দুপুর ২টার পরপর 'আয়লা' উত্তর দিকে সরে গিয়ে ভারতের সাগর আইল্যান্ডের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম শুরু করে।
এর অগ্রবর্তী অংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে থাকে। রোববার মধ্যরাত থেকে উপকূলীয় ও মধ্যাঞ্চলে শুরু হয় বৃষ্টিপাত। ঝড়ে বিভিন্ন জেলায় বৈদ্যূতিক খুঁটি উপড়ে, গাছপালা পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপকূলীয় জেলাগুলোর লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় বিভিন্ন জেলায় প্রস্তুত ছিল স্বেচ্ছাসেবকরা।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন হতে পারে।
সকাল থেকেই মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়।
আবহাওয়া দপ্তর ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর উপকূলীয় জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলে।
এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর উপকূলীয় জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়।
উপকূলীয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও এসব জেলার নিকটবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে আয়লা অতিক্রমের সময় ভারী/অতিভারী বর্ষণসহ ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝড়ে হতাহত: সরকারি হিসেবে এর মধ্যে ভোলার চরফ্যাশনে তিন জন, পটুয়াখালীর বাউফলে ও গলাচিপায় দুজন মারা গেছেন।
তবে ঝড়ের সময় জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার নিঝুমদ্বীপের নিচু এলাকা ৬-৭ ফুট পানির নিচে তলিয়ে যায়। সেখানে নাজমা (৩০) নামে একজন পানিতে ভেসে গেছেন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, সকাল ১০টা থেকে দ্বীপের বন্দরটিলা এবং নামারবাজারসহ বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকে ৩০-৩৫টি ঘর ভেসে গেছে। এ সময় নাজমা পানিতে ভেসে যান। এছাড়া বয়ারচরে মারা গেছে রাজীব (১৮) ও মারুফ (১৭)। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চর লক্ষ্মীবর্ধন গ্রামে বাড়ির উঠানে ওঠা জোয়ারের পানিতে ডুবে মারা গেছে রাব্বি (৭) নামে এক শিশু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মাসুদুজ্জামান জানান, শিশুটি গ্রামের রবিউল মোল্লার ছেলে।
ভোলার মনপুরা উপজেলার কলাতলী গ্রামে ঘর চাপায় রোজিনা আক্তার (৪) নামে একটি শিশু মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন। চরফ্যাশনের নাজিমুদ্দিন (২৫) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল ও সিপিপি কর্মকর্তা শরাফত হোসেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামে গাছ চাপা পড়ে আবদুল আজিজ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ। তিনি জানান, গলাচিপা উপজেলার চিংগুড়িয়া গ্রামে সুমাইয়া (২) আরেকটি শিশু মায়ের কোল থেকে পানিতে পড়ে ভেসে যাওয়ার পর তাকে মৃত পাওয়া যায়। বাউফলের হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক গাজী (৫০) আশ্রয়কেন্দ্রে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা যান।
নিখোঁজ: ভোলার মনপুরায় মেঘনা মোহনায় ঝড়ের কবলে পড়ে তিনটি যাত্রীবাহী ট্রলার ডুবে বিশ জন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির আহমেদ জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান শুরু করেছেন। ভোলার চর ফ্যাশন ও সদর উপজেলায় অন্তত ৫২ জন নিখোঁজ রয়েছেন। জলোচ্ছ্বাসে ঘর-বাড়ি ভাসিয়ে নেওয়ার সময় এরা নিখোঁজ হন। এদের কাউকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল।
তিনি বলেন, ঘর-বাড়ি ভেসে যাওয়ার সময় অন্তত ৫০ জন নিখোঁজ হন। এদের এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
সদর উপজেলার মাঝের চর এলাকায় রাসেল (১২) ও মিজান (১০) নামে দুটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব।
বেড়িবাঁধে ভাঙন: ঝড়ের প্রভাবে কাজীবাছা ও কপোতাক্ষ নদের পানি বেড়ে খুলনার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রার ও ডুমুরিয়া উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পাঁচটি উজেলার ৩৬টি স্থানে বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তিনি জানান, কয়রা উপজেলার হরিণখোলা, দশহালিয়া, ৬ নম্বর কয়রা ও পুলিশ দাঁড়ি এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। এছাড়া ৪ ও ৬ নম্বর কয়রা, কাটকাটা, শাকবাড়িয়া, মটবাড়ি এলাকায় বাঁধ উপচে পানি প্রবেশ করে। বটিয়াঘাটার সুরখালী, ভাণ্ডারকাটি ও বালিয়াডাঙ্গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় প্রায় ২০টি গ্রাম। এছাড়া আরও চার-পাঁচটি স্থানে বাঁধ উপচে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দাকোপের কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের প্রায় সব গ্রাম প্লাবিত হয়। পাইকগাছার সাতটি ইউনিয়ন জোয়ারে প্লাবিত হয়েছে। বাকি তিনটি ইউনিয়নও আংশিক নিমজ্জিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় চারটি নদীর বেড়িবাঁধ ভেঙে ৬০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে শ্যামনগরের ৯ টি ও আশাশুনি ৫টি ইউনিয়ন রয়েছে। জেলা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তবিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোয়ারের পানি বেড়ে বেলা ১১টার দিকে শ্যামনগরের মাদার নদীর বাঁধ ভেঙে ভেটখালি বাজারসহ চার-পাঁচটি গ্রামে পান ঢুকতে শুরু করে। সাড়ে ১১টার দিকে সিংহতলী নদীর বাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয় এবং আরেকটিতে পানি ঢুকতে শুরু করে।
এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে খলসিবুনিয়া, চাঁদনিমুখা, লেবুবুনিয়া, চকবারা ও জেলেখালী গ্রাম প্লাবিত হয়। এসব গ্রাম তিন-চার ফুট তলিয়ে গেছে।
তবিবর রহমান আরো জানান, বেলা ১২টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের খোল পেটুয়া নদীর বাঁধ ভেঙে নাগনা, কুড়িকাওনিয়া, চাকনা ও হরিশখালী গ্রাম প্লাবিত হয়।
পটুয়াখালীর কুয়াকাটায় খাজুরা পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে পানিতে প্রায় পাঁচটি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া পটুয়াখালীর খলিসাখালী সদর উপজেলা, গলাচিপা উপজেলার বদনাতলী, চরবিশ্বাস, চরকাজল, মির্জাগঞ্জ উপজেলার চরখালী, গোলখালী এবং বিকাখালী বাউফলের কালাইয়া মমিনপুরের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। মনপুরার সাকুচিয়া, চরফেশনের চর মাদ্রাস, লাল মোহনের কামারের খান এলাকায় পানি উন্নয়নের বোর্ডের বেরীবাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে।
বাগেরহাটের শরণখোলার চাল রায়েন্দা, বগি, ঢালির ঘোপ এলাকায় বেড়িবাঁধ ভেঙে এবং উত্তর ও দক্ষিণ সাউথখালীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢোকে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, বাগেরহাট শহর রক্ষা বাঁধে ভৈরব নদীর জোয়ারের পানি ছুঁই ছুঁই করছে। বাগেরহাট বাজার, নাগের বাজার, থানা মোড় এলাকাসহ শহর ও সংলগ্ন বেশ কিছু নীচু এলাকা তলিয়ে গেছে। সদর উপজেলার যাত্রাপুরে ৩৪/৩ স্লুইস গেট ভেঙে এবং রাধাবল্লভ এলাকায় ৩৫/৩ বাঁধ ভেঙে পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো: ফেরদৌস জানান, জেলার মনপুরা উপজেলার সাকুতিয়া এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজের হামিদপুর এলাকায় পাইবোর বেড়িবাঁধ ভেঙ্গে পড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
বরগুনা সদর উপজেলার চালিতাতলী, লতাকাটা, নিশানবাড়িয়া, গাজী মাহামুদ, ডালভাঙ্গা, বুড়িরচর, আয়লা, নাপিতখালী, গুলিশাখালী, ডেমা, পাথরঘাটা উপজেলার পদ্মা, রুহিতা, বাদুরতলা, জ্বিনতলা, আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, কচুপাত্রা, ঝাড়াখালী, জয়ালভাঙ্গা, বেতাগী উপজেলার ঝোপখালী, সরিষামুড়ি, জলিশা, উত্তর বেতাগী, কালিবাড়ি, ভোড়া, গাবতলী, আলিয়াবাদ, বদনীখালী এবং বামনা উপজেলার, চেচান, রামনা, উত্তর কাকচিড়া, জাফ্রাখালী ও বড় তালেশ্বর এলাকার বেড়িবাঁধ ভেঙে পাঁচ শতাধিক বসতবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা একাধিক স্থানে বেড়িবাঁধ ভাঙার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুরে মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছে। বেড়িবাঁধের বাইরে আশ্রয় কেন্দ্র না থাকায় চরাঞ্চলের এসব লোকজন অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন। তেলিরমোড়, কাটাখালী বাজার, চরভৈরবী, পশ্চিম চরকৃষ্ণপুর, চরভাঙ্গাসহ নদীতীরবর্তী প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের সদস্য নাসির মোল্লা ও বাবুল জানান, এ ইউনিয়নের মধ্যচরসহ বিভিন্ন চরাঞ্চলের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছে। এসব এলাকার হাট-বাজার ও বসতঘর পানিতে তলিয়ে গেছে।
বন্ধ ছিল বন্দরের কাজ: চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে সোমবার সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরে সকাল থেকে মালামাল ওঠানামা ও খালাসসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, "চট্টগ্রাম বন্দরে 'তিন মাত্রার' সতর্কতা ঘোষণা করা হয়। খোলা হয় নিয়ন্ত্রণ কক্ষ।"
বন্দর সচিব জানান, বন্দরে ২৩টি জাহাজ ছিল। পর্যায়ক্রমে সেগুলো বহির্নোঙরে নিরাপদ এলাকায় পাঠানো হয়। বহির্নোঙরে ৪৮টি জাহাজ আছে। ছোট জাহাজগুলোকে উজানে থাকতে বলা হয়।
মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক জানান, বন্দরে পাঁচটি জাহাজ রয়েছে। তবে সকাল পৌনে ৭টা থেকে পণ্য খালাস বন্ধ রাখা হয়। জাহাজগুলো রাখা হয় নিরাপদ আশ্রয়ে।
লঞ্চ-ফেরি চলেনি: চাঁদপুরের সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল সোমবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়। ডাকাতিয়ায় পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ডুবে যায় লঞ্চঘাটের দুটি পন্টুন। বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের সহকারী বন্দর পরিচালক রেজাউল করিম জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। দুই দিন ধরে পটুয়াখালীর সঙ্গে লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে তবে সোমবার প্রবল জোয়ারে ফেরির পন্টুন তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার রাত ৮ টা থেকে প্রচন্ড ঝড়ে লৌহজং উপজেলার মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। ওপারে মাদারীপুরের শিবচর ঘাটেও ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাতটায় একটি ফেরি ছাড়লেও পরে চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন এর (বিআইডব্লিউটিসি) ম্যানেজার সিরাজুল হক জানান, প্রচন্ড বাতাস আর স্্েরাতে মাওয়া ঘাটে ১২ টি ফেরি গত রাত থেকে আটকে আছে। নদীর এপারে শত শত গাড়ি আটকা পড়ে আছে।
রোববার রাত ৯টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। দফায় দফায় পারাপার বন্ধ হয়ে উভয় ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগের শিকার হন হাজার হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, ঝড়ো হাওয়ার কারণে রোববার রাত ৮টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘি
bdnews24