২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা: আরও ১৬ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে পুলিশের ওপর হামলার মামলায় আরও ১৬ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শিবিরের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

রাজশাহী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে পুলিশের ওপর হামলার মামলায় আরও ১৬ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শিবিরের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। রোববার রাতে মহানগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১২ জন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র। শনিবার গ্রেপ্তার করা হয় ১৬ জন। নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার বহিরাগতদের নিয়ে শিবির বিনোদপুরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ-শিবির সংঘর্ষ হয়। শিবিরের নেতাকর্মীরা পুলিশ ও পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলায় সহকারী কমিশনার (এসি), উপ-পরিদর্শক নিয়ে ১০ পুলিশসহ ২০ জন আহত হন। এ ঘটনায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার থেকে পাঁচশ' জনের বিরুদ্ধে মতিহার থানায় দু'টি মামলা করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর মীরচক গাজী ভিলা থেকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্র ও শিবির কর্মী আবু রায়হান, ইসমাইল গাজী, নুরুল ইসলাম, ফজলে এলাহী, আহসান হাবীব রেজা, নাজমুস সাকিব, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, মিজানুর রহমান, সাইদ আল মাহফুজ, ইসমাইল হারুনকে এবং নওদাপাড়ার আমেনা ভিলা থেকে রাজশাহী কলেজের ছাত্র সাদিকুল ইসলাম, নিউ গভ. ডিগ্রি কলেজের মাসুদ রানা, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান, বাগমারার আব্দুস সাত্তার মৃধার ছেলে আব্দুস সাকির। এদের মধ্যে মিজানুর রহমানের পরীক্ষা থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ ও পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুর ও মির্জাপুরের প্রায় অর্ধশত ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার বা কোনো কিছু উদ্ধার করা যায়নি। ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতা শরিফুজ্জামান নোমনী নিহত হন। এ ঘটনায় রাবিসহ রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্যারামেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। ক্যাম্পাসগুলোতে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৫ ঘ.