ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কর ফাঁকির মামলায় দণ্ডপ্রাপ্ত বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম, দুই ছেলে সাদাত সোবহান ও সায়েম সোবহান সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন চান।
বিচারক মোজাম্মেল হোসাইন শাহ আলমকে ২৩ জুন ও অন্যদের ২৫ জুনের পর আদালতে ফের আত্মসমর্পণের নির্দেশ দেন।
বিচারক বলেন, "হাইকোর্টে যেহেতু এ মামলা স্থগিত রয়েছে তাই আগামী ২৫ জুন পর্যন্ত তারা মুক্ত থাকবেন। এরপর তাদেরকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এ সময় পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।"
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জানান, গত বছরের ২৩ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলাটি স্থগিত করে দেয় এবং স্থাগিতাদেশের মেয়াদ বেশ কয়েকবার বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের ২৩ মার্চ হাইকোর্ট ২৫ জুন পর্যন্ত মামলার স্থগিতাদেশ বাড়ায়। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার কিংবা হয়রানি করা যাবে না।
তিনি আরও বলেন, হাইকোর্টের আদেশ মান্য করার জন্যই তারা আজ (সোমবার) আত্মসমর্পণ করেছিলেন।
আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পদ গোপন করে কর ফাঁকির দায়ে আকবর সোবহানকে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর ৮ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. শাহেদ নূরউদ্দিন।
একই অপরাধে তার স্ত্রী আফরোজা বেগম, তিন পুত্র সাদাত সোবহান, সাফায়েত সোবহান ও সায়েম সোবহানকেও ৮ বছর করে কারাদণ্ড দেয় আদালত।
সেইসঙ্গে তাদেরকে আট কোটি ৩০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
২০০৭ সালের ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা ২০০০-০১ করবর্ষ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত ২২ কোটি ৫ লাখ ৭ হাজার টাকার ওপর প্রযোজ্য কর আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকা ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এইচএ/১৭৩১ ঘ.
bdnews24