ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'র প্রভাবে উপকূলীয় জেলা ভোলার মনপুরায় মেঘনা মোহনায় ঝড়ের কবলে পড়ে তিনটি যাত্রীবাহী ট্রলার ডুবে বিশ জন যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির আহমেদ জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান শুরু করেছেন।
এদিকে সোমবার সকাল পৌনে সাতটা থেকে মংলা বন্দরের পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় আয়লা মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মংলা বন্দরে অবস্থান নেয়া পাঁচটি জাহাজসহ বন্দরের সব ধরণের নৌযানকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। রোববার মধ্যরাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণাঞ্চলের অধিকাংশ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা সমুদ্রবন্দরে সোমবার সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়। মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তলিয়ে যেতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলের বাড়িঘর। লোকজন সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় 'আয়লা' উত্তর দিকে সরে গিয়ে দুপুর ২টার পরপরই ভারতের সাগর আইল্যান্ডের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। এর অগ্রবর্তী অংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। এ জন্য চট্টগ্রাম এবং এর আশাপাশের ৬ নম্বর এবং খুলনা এলাকায় ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোলা: ভোলার মনপুরা মেঘনা মোহনায় ঝড়ের কবলে পড়ে তিনটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। বিশ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির আহমেদ জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান শুরু করেছেন। মনপুরার সাকুচিয়া, চরফেশনের চর মাদ্রাস, লাল মোহনের কামারের খান এলাকায় পানি উন্নয়নের বোর্ডের বেরীবাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
মুন্সীগঞ্জ: রোববার রাত ৮ টা থেকে প্রচন্ড ঝড়ে লৌহজং উপজেলার মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানযট। দক্ষিণাঞ্চলের ২৩ জেলার প্রবেশদ্বার মাওয়ায় রাত থেকে পারাপারের অপেক্ষায় রয়েছে বাস, প্রাইভেট কার, ট্রাক সহ কয়েক'শ যান। ফলে বৈরি আবহাওয়ায় শিশু ও বৃদ্ধসহ আটকা পরা যাত্রীরা চরম দূর্ভোগের স্বীকার হন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন এর (বিআইডব্লিউটিসি) ম্যানেজার সিরাজুল হক জানান, প্রচন্ড বাতাস আর স্্েরাতে মাওয়া ঘাটে ১২ টি ফেরি গত রাত থেকে আটকে আছে। নদীর এপারে শত শত গাড়ি আটকা পড়ে আছে।
তিনি জানান, নদীর যা অবস্থা এখন যাত্রা করলে ঢেউয়ে যে কোন সময় ফেরি উল্টে পরে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই অপেক্ষা করা হচ্ছে ঝড় থামার। যানযটের কথা স্বীকার করে তিনি বলেন, রাত থেকে ফেরি বন্ধ থাকায় ভয়াবহ যানযটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানযট বেড়েই যাচ্ছে।
বাগেরহাট: আয়লার প্রভাবে সমূদ্রের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারে বাগেরহাটের নিম্নাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানির নীচে তলিয়ে গেছে। বাগেরহাট জেলার সব উপজেলাসহ জেলা সদরে দশটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলায় ২১৯টি সাইক্লোন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মংলা ও শরণখোলার প্লাবিত এলাকার মানুষ সাইক্লোন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মুয়াজ্জেম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মংলার জয়মনির ঘোল, চিলা, রামপালের মল্লিকের বেড়, বাঁশতলি, মাদারদিয়া বাজার, শরণখোলার রায়েন্দা বাজার ও মোরেলগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকা তিন-চার ফুট পানির নীচে তলিয়ে গেছে।
শরণখোলার ৩৫/১ পোল্ডার ভেঙে চাল রায়েন্দা, বগি, ঢালির ঘোপ এলাকায় ভেড়িবাঁধ ভেঙে এবং উত্তর ও দক্ষিণ সাউথখালীতে ভেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান , বাগেরহাট শহর রক্ষা বাঁধে ভৈরব নদীর জোয়ারের পানি ছুঁই ছুঁই করছে। বাগেরহাট বাজার, নাগের বাজার, থানা মোড় এলাকাসহ শহর ও সংলগ্ন বেশ কিছু নীচু এলাকা তলিয়ে গেছে। সদর উপজেলার যাত্রাপুরে ৩৪/৩ স্লুইস গেট ভেঙে এবং রাধাবল্লভ এলাকায় ৩৫/৩ বাঁধ ভেঙে পানি ঢুকছে।
পটুয়াখালী: কুয়াকাটায় খাজুরা পয়েন্টের ভেড়িবাঁধ ভেঙ্গে পানিতে প্রায় পাঁচটি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া পটুয়াখালীর খলিসাখালী সদর উপজেলা, গলাচিপা উপজেলার বদনাতলী, চরবিশ্বাস, চরকাজল, মির্জাগঞ্জ উপজেলার চরখালী, গোলখালী এবং বিকাখালী বাউফলের কালাইয়া মমিনপুরের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে।
জোয়ারের পানিতে বন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৪ চার ফুট বেশী হওয়ায় পানিতে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। মির্জাগঞ্জের ছইলাবুনিয়া ব্রীজ ভেঙ্গে একটি বাস খাদে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুই দিন ধরে পটুয়াখালীর সঙ্গে লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে তবে আজ প্রবল জোয়ারে ফেরির প্লাটুন তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এইচএ/১৫৪৭ ঘ.
bdnews24