ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে জাতি। আজ তার ১১০ তম জন্মবাষির্কী।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ছিল মানুষের ঢল। ছিলেন কবির নাতি অরিন্দম কাজী, নাতনি খিলখিল কাজী, মিষ্টি কাজী ও অরিন্দম কাজীর ছেলে অনুরাগ কাজীও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ উপচার্য অধ্যাপক হারুন-অর রশীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীর একটি দল সকাল ৭টায় প্রথম কবির কবরে ফুল দেন। উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে একটি স্মরণ সভাও হয়। বক্তৃতার পর ওস্তাদ আলাউদ্দিন ও খালিদ হোসেন নজরুলের গান গেয়ে শোনান।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে ফুল দেন কবির সমাধিতে।
নজরুলের জন্মজয়ন্তীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৩০৯ ঘ.
bdnews24