২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন হওয়ার তিন সপ্তাহ পর ব্র্যাক কর্মকর্তা থানায় হাজির!

নাটোরে ব্র্যাক'র কর্মসূচি সংগঠক আলী রেজা লিটন (৩৮) গত ৪ মে থেকে নিখোঁজ। তিনদিন পর নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামের একটি মেহগনি বাগানে এসিডে ঝলাসানো অজ্ঞাত লাশকে তার পরিবার আলী রেজা বলে সনাক্ত করেন। শনিবার গভীর রাতে তিনি নাটোর থানায় হাজির হয়ে জানান, তিনিই ব্র্যাক কর্মকর্তা আলী রেজা লিটন। তাকে কেউ খুন করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

নাটোর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে ব্র্যাক'র কর্মসূচি সংগঠক আলী রেজা লিটন (৩৮) গত ৪ মে থেকে নিখোঁজ। তিনদিন পর নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামের একটি মেহগনি বাগানে এসিডে ঝলাসানো অজ্ঞাত লাশকে তার পরিবার আলী রেজা বলে সনাক্ত করেন। শনিবার গভীর রাতে তিনি নাটোর থানায় হাজির হয়ে জানান, তিনিই ব্র্যাক কর্মকর্তা আলী রেজা লিটন। তাকে কেউ খুন করেনি। লাশ সনাক্তের পর রেজার ভাই আলী কাউছার সদর থানায় একটি হত্যা মামলা করেছিলেন। পুলিশ রেজার দুই সহকর্মী ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয় এ মামলায়। তারা এখনও কারাগারে আটক রয়েছেন। আলী রেজা শনিবার রাতে সদর থানায় হাজির হওয়ার খবর পেয়ে টাঈাইল থেকে স্বজনরা এসে তাকে সনাক্ত করেন। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার চরটা গ্রামে আলী রেজার বাড়ি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন জানান, আলী রেজা পত্রিকায় তার মৃত্যুর খবর জেনেও দীর্ঘদিন পালিয়ে থেকে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার কারণে নিরপরাধ দুই ব্র্যাক কর্মকর্তা শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম এবং ব্যবসায়ী শাখাওয়াত হোসেন কারাগারে রয়েছেন। তিনি জানান, আলী রেজা ফিরে এলেও এসিডে ঝলাসানো ওই লাশ নিয়ে তারা বিপাকে পড়েছেন। লাশটি কার তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এসআই কবির হোসেন জানান, শনিবার রাত ১১টায় এক যুবক এসে জানায়- তিনিই ব্র্যাক কর্মকর্তা আলী রেজা লিটন। তিনি খুন হননি। মাঠ পর্যায়ে সংস্থার দেওয়া ঋণের বেশ কয়েক লাখ টাকার কিস্তি বকেয়া পড়ায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। সে চাপ সামলাতে না পেরে কাউকে না জানিয়ে সংস্থার মোটরসাইকেলটি রাজশাহীর ঝলমলিয়া বাজারে রেখে আত্মগোপন করেন। পরে পত্র পত্রিকায় খুন হওয়ার খবর পড়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরিচয় গোপন রাখতে তিনি গত তিন সপ্তাহ রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং রাঙামাটিতে লুকিয়ে ছিলেন। তাকে হত্যা করার অভিযোগে তার দু'জন সহকর্মীসহ এক ব্যবসায়ী আটক হওয়ার খবরে তিনি কষ্ট পান এবং বিবেকের তাড়নায় পুলিশের কাছে ছুটে আসেন। আলী রেজা বর্তমানে নাটোর সদর থানা হেফাজতে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.