২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। বাংলাদেশে ইউরোপীয় কমিশনের (ইসি) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। বাংলাদেশে ইউরোপীয় কমিশনের (ইসি) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ফ্রোয়েন সাংবাদিকদের জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের উপায় নিয়েও আলোচনা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা লেখা, পড়া ও বোঝার ক্ষেত্রে সুফল পাবে। তাছাড়া পাঠ শেষে তাদের পক্ষে কর্মক্ষেত্রে সুযোগ পাওয়া সহজতর হবে বলে জানান তিনি। ফ্রোয়েন বলেন, "সরকারের এই পরিকল্পনায় ইউরোপীয় কমিশনের পূর্ণ সমর্থন রয়েছে।" আলোচনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তিনি আমাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।" তবে আধুনিকায়নের বিষয় নিয়ে আলোচনার বিস্তারিত জানাননি তিনি। ৭০'র দশকে একদল বিতর্কিত ইসলামী চিন্তাবিদ কওমী শিক্ষার জন্য একটি স্বতন্ত্র বোর্ড প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই জাতীয় পাঠ্যক্রমের সঙ্গে এর পাঠ্যক্রমের ছিল বিস্তর ফারাক। কওমী মাদ্রাসাগুলোতে বাংলা ও ইংরেজির পরিবর্তে ইসলামী যোগাযোগ, আরবি ও ফার্সি ভাষা পড়ানো হয়। ট্রয়কা মিশনের বাংলাদেশ সফরে আসার কথা জানিয়ে মন্ত্রী বলেন, "রাষ্ট্রদূত বলেছেন- বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ৭ ও ৯ জুন ট্রয়কার একটি মিশন বাংলাদেশ সফরে আসবে।" ট্রয়কার এই প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবে বলেও জানান তিনি। তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই মূলত এই ট্রয়কা প্রতিনিধিদল আলোচনা করে থাকে। ২০০৭ সালে সর্বশেষ ট্রয়কা প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/এজে/এএল/এসকে/২১৩৯ঘ.